ভারতে টেলিগ্রাম যুগের ইতি

‘নাই টেলিফোন, নাইরে পিয়ন, নাইরে টেলিগ্রাম’ জনপ্রিয় এ গানটিই মনে করিয়ে দেয় জনপ্রিয় টেলিগ্রাম সেবার কথা। কিন্তু বর্তমানে মুঠোফোন, এসএমএস আর ইমেইলের জনপ্রিয়তার এ যুগে টেলিফোন, পিয়ন আর টেলিগ্রাম জনপ্রিয়তা হারিয়ে ফেলেছে। সম্প্রতি ভারতে টেলিগ্রাম সেবাটি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটির ভারত সঞ্চার নিগম লিমিটেড বা বিএসএনএল নামের একটি প্রতিষ্ঠান। সর্বশেষ এ প্রতিষ্ঠানটিই টেলিগ্রাম করার সুবিধা চালু রেখেছিল।
ক্রিশ্চিয়ান সায়েন্স মনিটরের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের সর্বশেষ টেলিগ্রাম পাঠানোর ঘটনা ঘটছে যাচ্ছে আগামী মাসে। ভারতে এখন দৈনিক পাঁচ হাজার টেলিগ্রাম পাঠানোর ঘটনা ঘটে। কিন্তু আশির দশকে বছরে ৬ কোটিরও বেশি টেলিগ্রাম পাঠানো হত। মুঠোফোন ও ইমেইলের জনপ্রিয়তার কারণে টেলিগ্রাম বন্ধ করে দিচ্ছে বিএসএনএল।
টেলিগ্রাম মূলত ‘তার’ বা বার্তা নামে পরিচিত ছিল। জরুরি খবর, মৃত্যু সংবাদ বা গুরুত্বপূর্ণ ভালো খবরের জন্য ‘তার’ পাঠানোর এ সুবিধা চালু ছিল দীর্ঘদিন ধরেই। একসময়ে সারা বিশ্বেই জনপ্রিয় ছিল টেলিগ্রাম সেবাটি। ১৮৫০ সালে ভারতে এ সুবিধা চালু হয়েছিল। তবে চলতি বছরের ১৫ জুলাই থেকে টেলিগ্রাম করার সুবিধা বন্ধ হয়ে যাচ্ছে।
১৮৫০ সালে কলকাতা থেকে ডায়মন্ড হারবার পর্যন্ত টেলিগ্রাফ লাইন স্থাপনের মাধ্যমে শুরু হয়েছিল পরীক্ষামূলক টেলিগ্রাম আদান-প্রদান। পরে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এ সেবা ব্যবহার শুরু করেছিল। ১৯০২ সাল পর্যন্ত ক্যাবলের সাহায্যে টেলিগ্রাম পাঠানো হত।