ভারতে তৈরি মোবাইল ফোনের চাহিদা বাড়ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে মোবাইল ফোনের যুগ শুরু হওয়ার পর মোবাইল ফোনসেটের বাজার মূলত নিয়ন্ত্রণ করে বিভিন্ন বহুজাতিক সংস্থা। সেসব বহুজাতিক সংস্থার মোবাইল ফোনসেটের দাম বেশি হওয়ায় ভারতে স্বল্পমূল্যে সাধারণ মানুষের হাতে মোবাইল ফোনসেট তুলে দেওয়ার লক্ষ্যে গড়ে ওঠে বেশ কটি দেশীয় সংস্থা। এসব সংস্থা ইতিমধ্যে স্বল্পমূল্যে মোবাইল ফোনসেট সাধারণ মানুষের হাতে তুলে দেওয়াও শুরু করেছে। ফলে এখন ভারতে দিন দিন বাড়ছে দেশীয় মোবাইল ফোনসেটের চাহিদা। ভারতের একটি দেশীয় মোবাইল ফোনসেট প্রস্তুতকারী সংস্থা এমসিসি গোষ্ঠীর এক কর্মকর্তা বলেছেন, ২০০৮ সালে দেশীয় মোবাইল ফোনের বাজার ছিল মাত্র ২ শতাংশ; এখন তা বেড়ে দাঁড়িয়েছে ১৪ শতাংশ। এই বাজার অবশ্য দিনে দিনে বিস্তৃতি লাভ করছে গ্রামাঞ্চলেই বেশি। ২০০৬ সালে ভারতে মোবাইল ফোনের গ্রাহকসংখ্যা ছিল ১০ কোটি; এখন তা ৪০ কোটি ছাড়িয়েছে।আগামী তিন বছরে এই সংখ্যা ৮০ কোটিতে পৌঁছাবে। তাই মোবাইল ফোনের এই বিশাল বাজার আর বহুজাতিক সংস্থার হাতে রাখতে চাইছেন না ভারতের দেশীয় শিল্পপ্রতিষ্ঠানের মালিকেরা। তাই তাঁরা এ বাজার ধরে রাখার জন্য তৈরি করছে সস্তা মূল্যের সর্বাধুনিক মোবাইল ফোন। শুধু তা-ই নয়, এখন তাঁরা ইন্টারনেট মোবাইল ফোনও বাজারে ছাড়তে চলেছেন। ওই কর্মকর্তা আরও বলেন, ২০০৮ সালে ভারতে ইন্টারনেট গ্রাহকের সংখ্যা ছিল ২৩ লাখ। ২০১৪ সালে সেই সংখ্যা বেড়ে দাঁড়াতে পারে ১৩ কোটিতে। —অমর সাহা, কলকাতা