তৃতীয় প্রজন্মের (থ্রিজি) মোবাইল ফোন সেবার স্লট বরাদ্দের নিলাম শেষ করেছে ভারত। এই নিলাম থেকে সরকার আয় করেছে ৬৭ হাজার ৭১৯ কোটি রুপি। এই থ্রি-জি রেডিও স্পেকট্রামের স্লট বরাদ্দের নিলাম শুরু হয় ৯ এপ্রিল থেকে। ৩৪ দিনে শেষ হয় এই নিলাম-প্রক্রিয়া। ইন্টারনেটের মাধ্যমে চলে এই নিলাম।থ্রিজির নিলামে ভারতের ২২টি পরিষেবা এলাকার স্লট পাওয়ার জন্য নিলামে অংশ নিয়েছে নয়টি মোবাইল ফোন সেবাদানকারী সংস্থা। এসবের মধ্যে রয়েছে ভারতী এয়ারটেল, রিলায়েন্স কমিউনিকেশনস, ভোডাফোন এসার, টাটা টেলিসার্ভিসেস, আইডিয়া সেলুলার, এয়ারসেল, এটিস্যালাট, এস টেল এবং ভিডিওকন টেলিকমিউনিকেশনস। প্রথম ছয়টি সংস্থা সারা দেশের স্লট পাওয়ার জন্য নিলামে অংশ নিয়েছিল। আর শেষের তিনটি অংশ নিয়েছে বিশেষ বিশেষ এলাকার জন্য। এই নিলামে ভারত সরকার আয় করেছে ৬৭ হাজার ৭১৯ কোটি রুপি। যদিও লক্ষ্য ছিল ৩০ থেকে ৩৫ হাজার কোটি রুপি আয়ের। সবচেয়ে বেশি দাম দিয়েছে এয়ারটেল। ১৩টি এলাকার জন্য তারা দিয়েছে ১২ হাজার ২৯৫ কোটি ৪৬ লাখ রুপি। এরপর ভোডাফোন। তারা নয়টি সার্কেলের জন্য দিয়েছে ১১ হাজার ৬১৭ কোটি ৮৬ লাখ রুপি। দিল্লি-মুম্বাই বাদে বাকি ভারতের জন্য রাষ্ট্রায়ত্ত সংস্থা বিএসএনএল দিয়েছে ১০ হাজার ১৮৬ কোটি ৫৬ লাখ রুপি। আর রিলায়েন্স কমিউনিকেশনস দিল্লি-মুম্বাইসহ ১৩টি সার্কেলের জন্য দিয়েছে আট হাজার ৫৮৫ কোটি চার লাখ রুপি।এই থ্রি-জি নেটওয়ার্ক চালু হলে গতি বাড়বে ইন্টারনেট ও মোবাইল ফোন সেবার। ভিডিও ফোন করার সুবিধাও পাওয়া যাবে এ সেবায়। এখনকার নম্বর বা সিমকার্ড বদল না করেও নতুন পরিষেবা নেওয়া যাবে। —অমর সাহা, কলকাতা