ভারতে দিনে সর্বোচ্চ ১০০টি ক্ষুদেবার্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে সম্প্রতি অনাকাঙ্ক্ষিত খুদেবার্তা বন্ধে নতুন আইন হয়েছে। দেশটির টেলিযোগাযোগ নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ (টিআরএআই) নতুন এ আইনের ঘোষণা দিয়েছে। প্রযুক্তির নানা সুবিধার দিক দিয়ে দ্রুত বর্ধনশীল দেশ ভারতের মোবাইল ব্যবহারকারীর সংখ্যা প্রায় ৭০ কোটি। আইন অনুযায়ী, এখন থেকে একটি মোবাইল ফোন নম্বর থেকে প্রতিদিন ১০০টির বেশি খুদেবার্তা পাঠানো যাবে না। জানা গেছে, টিআরএআইয়ের এ উদ্যোগের ফলে ভারতের বিশাল মোবাইল ফোন ব্যবহারকারী অনাকাঙ্ক্ষিত খুদেবার্তার হাত থেকে রেহাই পাবেন। ভারতে বিভিন্ন প্রতিষ্ঠানের পণ্যের বিপণন-সংক্রান্ত বিজ্ঞাপনগুলো মোবাইল ফোনে নিয়মিত পাঠানো হয়। আর এতে চরম ভোগান্তির শিকার হন ব্যবহারকারীরা। এর আগেও এসব প্রতিষ্ঠানের খুদেবার্তা পাঠানো বন্ধ করার ব্যাপার উদ্যোগ নিয়েছিল টিআরএআই। তবে তা সফলতার মুখ দেখেনি। তাই অনেকটা বাধ্য হয়েই নতুন এ আইন জারি করা হয়েছে বলে জানানো হয়েছে। সুবিধাটি সবার জন্য করতে টিআরএআই ‘ন্যাশনাল ডু নট কল’ নামে একটি সেবা চালু করেছে। খুদেবার্তা-সংক্রান্ত এ সুবিধাটি পেতে হলে মোবাইল গ্রাহকদের এ তালিকায় নাম লেখাতে হবে। এর আগে প্রতিষ্ঠানগুলোকে ‘ন্যাশনাল ডু নট কল’ তালিকার অন্তর্ভুক্ত গ্রাহকদের ফোন কিংবা খুদেবার্তা পাঠাতে পারবে না বলে নিয়ম জারি করা হয়েছিল। কিন্তু তা উপেক্ষা করে প্রতিষ্ঠানগুলো দিনে এবং গভীর রাতেও গ্রাহকদের ফোনে বার্তা পাঠাত। এ ধরনের হয়রানি থেকে গ্রাহকদের রক্ষা করতেই প্রতিদিন খুদেবার্তা পাঠানোর ওপর নিয়ন্ত্রণ আরোপ করে টিআরএআই। এ নিয়মের আওতায় রাত নয়টা থেকে সকাল নয়টা পর্যন্ত কোনো বিজ্ঞাপন-সংক্রান্ত ফোন অথবা খুদেবার্তা পাঠানো যাবে না। —বিবিসি