ভারতে প্রথম অনলাইন তথ্য কমিশন ত্রিপুরায়
ভারতে সর্বপ্রথম অনলাইন তথ্য কমিশন প্রতিষ্ঠা হয়েছে ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায়। সম্প্রতি আনুষ্ঠানিকভাবে এই তথ্য কমিশন অফিসের উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার। রাজধানী আগরতলার গোর্খা বস্তিতে অবস্থিত নেহরু কমপ্লেক্সে রাজ্য তথ্য কমিশনের অফিস প্রতিষ্ঠা করা হয়েছে। এর ফলে ত্রিপুরার মানুষ তথ্য জানার অধিকার আইনবলে যেকোনো সময় যেকোনো তথ্য জানতে পারবে। ভারতে এই প্রথম তথ্য জানার জন্য তথ্য কমিশনের আনুষ্ঠানিক উদ্বোধন হলো ত্রিপুরার রাজধানী আগরতলায়। এখন থেকে তথ্য জানার আইনবলে যে কেউ রাজ্য সরকারের কাছে যেকোনো তথ্য জানার জন্য আবেদন করতে পারবেন। একই সঙ্গে কোনো অভিযোগ থাকলে তা-ও জানাতে পারবেন। শুধু তাই নয়, ঘরে বসেই ইন্টারনেটের মাধ্যমে যেমন তথ্য জানার আবেদন করতে পারবেন, তেমনই উত্তরও পাবেন ইন্টারনেটে। তা ছাড়া যেকোনো অভিযোগও জানাতে পারবেন ইন্টারনেটে। উত্তরও মিলবে ইন্টারনেটে। —কলকাতা প্রতিনিধি