ভারতে বাংলাদেশি মেডিকেল শিক্ষা মেলা

বাংলাদেশের বিভিন্ন বেসরকারি মেডিকেল কলেজে এবার ভারতের ছাত্রছাত্রীরা পড়ার সুযোগ পাবে। কলকাতা, জম্মু ও কাশ্মীর আর গুয়াহাটিতে আয়োজিত ‘বাংলাদেশ মেডিকেল ফেয়ার’-এ এই ঘোষণা দেওয়া হয়েছে। ৯-১০ জুলাই কলকাতা, ৬-৭ জুলাই জম্মু ও কাশ্মীর এবং ১২-১৩ জুলাই গুয়াহাটিতে আয়োজন করা হয়েছিল এই মেডিকেল শিক্ষা মেলার। এই মেলার আয়োজন করেছিল বাংলাদেশ প্রাইভেট মেডিকেল অ্যাসোসিয়েশন (বিপিএমসিএ)। কলকাতার একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়েছে দুই দিনব্যাপী এই বাংলাদেশ মেডিকেল এডুকেশন ফেয়ার-২০১৩। এতে যোগ দিয়েছে বাংলাদেশের ১৯টি বেসরকারি মেডিকেল কলেজ। কলেজগুলো হলো: বাংলাদেশ মেডিকেল কলেজ, জহুরুল ইসলাম মেডিকেল কলেজ, জেড এইচ সিকদার ওমেন মেডিকেল কলেজ, ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ, তাইরুন্নেছা মেডিকেল কলেজ, এনাম মেডিকেল কলেজ, খাজা ইউনুস মেডিকেল কলেজ, সিরাজগঞ্জ, ইস্টার্ন মেডিকেল কলেজ, সেন্ট্রাল মেডিকেল কলেজ, সাউদার্ন মেডিকেল কলেজ, উত্তরা আধুনিক মেডিকেল কলেজ, টিএমএসএস মেডিকেল কলেজ, প্রাইম মেডিকেল কলেজ, রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ, নর্দার্ন মেডিকেল কলেজ, আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ, গ্রিন লাইফ মেডিকেল কলেজ, পপুলার মেডিকেল কলেজ এবং মন্নু মেডিকেল কলেজ।
কলকাতার এই মেলার উদ্বোধন করেন কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপ-হাইকমিশনার আবিদা ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন বিপিএমসিএর সভাপতি মহম্মদ মোয়াজ্জেম হোসেন, সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ সেলিম, এনাম মেডিকেল কলেজ হাসপাতালের এনামুর রহমান, বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালের শামসুন নাহার প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে সংগঠনের কর্মকর্তারা জানান, বাংলাদেশের বেসরকারি মেডিকেল কলেজে পড়তে হলে ভারতীয় শিক্ষার্থীদের পাঁচ বছরের শিক্ষাক্রমের জন্য ৩৫ থেকে ৫০ হাজার মার্কিন ডলার খরচ করতে হবে। পাঁচ বছরের এমবিবিএস কোর্সের পর এক বছর বিনা খরচে ইন্টার্ন করার সুযোগ থাকবে।
কলকাতার এই মেডিকেল মেলায় ১১২ জন শিক্ষার্থী বাংলাদেশে পড়ার জন্য নাম নথিভুক্ত করেছেন। অন্যদিকে জম্মু ও কাশ্মীরের ২৫০ জন ও গুয়াহাটিতে ৬৬ জন শিক্ষার্থী নাম নথিভুক্ত করেছেন।
কলকাতার মেলায় যোগ দিয়ে নাম অন্তর্ভুক্ত করার পর মুর্শিদাবাদের ছাত্র এনজামুল হক, কলকাতার ছাত্র রোহিত ঘোষ, মুর্শিদাবাদের ছাত্রী তানিয়া সুলতানা বলেন, আমরা বাংলাদেশের এই চিকিৎসা মেলার খবর শুনে চলে এসেছি। বাংলাদেশ আমাদের প্রতিবেশী দেশ। আমরা বাঙালি। তাই বাংলাদেশে পড়ার সুযোগ পেলে আমরা খুশি হব।