ভারতে বিএসএনএলের ২ কোটি গ্রাহক কমেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের বেসরকারি টেলিযোগাযোগ প্রতিষ্ঠানগুলোর সঙ্গে বিপণন বাণিজ্যে টিকতে না পেরে রাষ্ট্রীয় টেলিফোন সংস্থা ভারত সঞ্চার নিগম (বিএসএনএল) প্রায় দুই কোটি গ্রাহক হারিয়েছে। এর মধ্যে মোবাইল ফোনের গ্রাহক ১ কোটি ৭৮ লাখ। মূলত বেসরকারি সংস্থার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় টিকতে না পেরে ২০০৮ থেকে ২০১২ এই সময়ে বিএসএনএল নেটওয়ার্ক উন্নয়নে বিনিয়োগ করতে পারেনি। যার ফলে বিএসএনএলের গ্রাহকসেবার মান খারাপ হয়ে পড়ে।
বিএসএনএলের এক কর্মকর্তা জানিয়েছেন, ২০১৫ সালের মে মাস পর্যন্ত সারা ভারতে বিএসএনএলের মোবাইল ফোনের গ্রাহক ছিল ৭ কোটি ৭৬ লাখ। আর ফিক্সড ফোনের গ্রাহক ছিল ১ কোটি ৬০ লাখ। যদিও এখনো ভারতের সামগ্রিক টেলিফোন বাজারে বিএসএনএলের দখলে আছে দেশের ৬১.০৭ শতাংশ টেলিফোন বাজার। তাই এ বাজারকে ধরে রাখার জন্য ভারত সরকার ৪ হাজার ৮০৫ কোটি রুপি বিনিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে দেশজুড়ে নতুন ১৪ হাজার ৪২১টি দ্বিতীয় প্রজন্মের টাওয়ার এবং ১০ হাজার ৬০৫টি তৃতীয় প্রজন্মের বা থ্রিজি সুবিধাসংবলিত টাওয়ার বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
অমর সাহা, কলকাতা