ভারতে ব্রডব্যান্ড থেকে আয় ৩৯ হাজার কোটি রুপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের মোবাইল ফোন পরিষেবায় যুক্ত হওয়া তৃতীয় প্রজন্মের মোবাইল ফোনের (থ্রিজি) স্লট বরাদ্দের নিলামের পর এবার ব্রডব্যান্ড পরিষেবার নিলামও শেষ হয়েছে। ১১ জুন ছিল এই নিলামের শেষ দিন। রিলায়েন্স গোষ্ঠীর কর্ণধার মুকেশ আম্বানি চার হাজার ৮০০ কোটি রুপিতে কিনে নিলেন ইনফোটেল ব্রডব্যান্ডকে। ভারতের ২২টি সার্কেলের জন্য ব্রডব্যান্ড পরিষেবার নিলাম হয়। এই নিলামে অংশ নেয় ভারতী এয়ারটেল, এয়ারসেল, ভোডাফোন, আইডিয়াসহ ১১টি সংস্থা। নিলামে বেশির ভাগ সার্কেলের পরিষেবার অধিকার পেয়েছে ইনফোটেলই। তবে এর মধ্যে ভারতী এয়ারটেল, এয়ারসেল এবং মার্কিন বহুজাতিক সংস্থা কোয়ালকমও পেয়েছে ব্রডব্যান্ড পরিষেবার অধিকার। এই ব্রডব্যান্ড পরিষেবা নিলামে ভারতের কেন্দ্রীয় সরকারের আয় হয়েছে ৩৮ হাজার ৬১৭ কোটি রুপি। এর আগে অবশ্য থ্রিজি স্পেকট্রামের নিলাম থেকে ভারত সরকার আয় করে ৬৭ হাজার ৭১৯ কোটি রুপি। এ নিলাম-প্রক্রিয়া চলেছে ইন্টারনেটে। ফলে গত এক মাসে কেবল শুধু স্পেকট্রাম নিলাম থেকেই আয় হয়েছে এক লাখ ছয় হাজার ৩৩৬ কোটি রুপি; যা লক্ষ্যমাত্রার তিন গুণ। —অমর সাহা, কলকাতা