ভারতে ব্লাকবেরি নিষিদ্ধ হচ্ছে না
ভারতের প্রচণ্ড চাপের কাছে অবশেষে মাথানত করেছে জনপ্রিয় মোবাইল ফোন ব্লাকবেরি। গত সোমবার ব্লাকবেরির নির্মাতা প্রতিষ্ঠান রিসার্চ ইন মোশন (রিম) জানিয়ে দিয়েছে তারা ভারতের দাবি মেনে ভারতে পৃথক সার্ভার স্থাপনের ব্যবস্থা করবে। এর আগে ভারত সরকার জানিয়েছিল ৩১ আগস্টের মধ্যে ব্লাকবেরি ভারতের জন্য আলাদা সার্ভার না বসালে ভারতে ব্লাকবেরির কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে। এরপরই রিম ভারতের জাতীয় নিরাপত্তার স্বার্থে তাদের সব কার্যক্রম গোয়েন্দা সংস্থাগুলোর আইনি নজরদারির জন্য ভারতে পৃথক সার্ভার বসানোর ঘোষণা দিয়েছে। ভারতের নিরাপত্তা বিধি না মানলে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ভারতে রিমকে ব্যবসা বন্ধ করার কথা জানানো হয় গত ২৯ জুলাই। তাতে বলা হয়, ৩১ আগস্টের মধ্যে তাদের দাবি মানা না হলে ভারতে বন্ধ করে দেওয়া হবে ব্লাকবেরি কার্যক্রম। ভারতের অভিযোগ ছিল ব্লাকবেরি ফোনে পাঠানো খুদে বার্তা বা ই-মেইলের সাংকেতিক মোড়ক খুলতে পারত না ভারতের গোয়েন্দা সংস্থা। ব্লাকবেরির সার্ভার কানাডায় থাকায় এই সমস্যা প্রকট হলে ভারতের তরফ থেকে আপত্তি ওঠে। কারণ, এতে করে জঙ্গিরা নাশকতা চালালেও তা ধরা দুষ্কর ছিল ভারতের গোয়েন্দাদের। —অমর সাহা, কলকাতা