ভারতের নিরাপত্তা ও সুরক্ষার স্বার্থে এবার বিশ্বখ্যাত পিডিএ ফোন ব্লাকবেরির বিভিন্ন সেবা ভারতে বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।ভারতের নিরাপত্তা সংস্থাগুলোকে ব্লাকবেরি মোবাইল ফোনসেটের মাধ্যমে পাঠানো বার্তা বা ই-মেইল দেখার সুযোগ না দেওয়ায় ভারতের কেন্দ্রীয় সরকারের এই হুমকি। ভারত সরকার ব্লাকবেরিকে বারবার বলেছে, ভারতের নিরাপত্তার স্বার্থে ই-মেইল বা বার্তা দেখার সুযোগ করে দিতে হবে। কিন্তু ব্লাকবেরি জানিয়েছে, প্রযুক্তিগত কারণে এই দাবি মানা তাদের পক্ষে সম্ভব নয়। এর পরেই ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব জি কে পিল্লাই বলেছেন, এখন আর সরকার ব্লাকবেরির সঙ্গে কথা বলবে না। ব্লাকবেরির পরিষেবা ভারতের যে আটটি সংস্থা দিয়ে থাকে, তারাই এখন এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। প্রয়োজনে বন্ধ করে দিতে হবে ব্লাকবেরির সেবা। যে সংস্থাগুলো ভারতে ব্লাকবেরির সেবা দিয়ে থাকে, তাদের মধ্যে রয়েছে এয়ারটেল ভারতি, ভোডাফোন, টাটা, আইডিয়া, আর কম, বিএসএনএল এবং এমটিএনএল। আসলে সমস্যা হলো ব্লাকবেরি হ্যান্ডসেট থেকে পাঠানো কোনো বার্তা পরে সংকেত ভেঙ্গে দেখা সম্ভব হয় না। ফোনে আড়িপাতাও যায় না। ই-মেইলেরও কোনো হদিসও পাওয়া যায় না। ভারতে ব্লাকবেরির ১০ লাখ গ্রাহক রয়েছে। —অমর সাহা, কলকাতা