ভারতে ভিপিএন নিষিদ্ধের সুপারিশ করা হলো কেন
নিরাপত্তার কারণ দেখিয়ে ভারতে ভার্চ্যুয়াল প্রাইভেট নেটওয়ার্ক বা ভিপিএন বন্ধের সুপারিশ করেছে দেশটির স্বরাষ্ট্রবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি। কমিটির ভাষ্যমতে, ভিপিএন ব্যবহার করায় অনলাইনে অনৈতিক কর্মকাণ্ডের পরও সাইবার অপরাধীদের শনাক্ত করা সম্ভব হচ্ছে না। এদিকে বিশ্বব্যাপী ভিপিএনের নানা ব্যবহার চালু আছে। সাইবার অপরাধ ঠেকাতে ভিপিএন নিষিদ্ধ করা হলে হিতে বিপরীত হতে পারে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে। চলুন, চারটি প্রশ্নে জেনে নেওয়া যাক ভারতে ভিপিএন বন্ধের গুঞ্জন উঠল কেন।
ভিপিএন কী ও কীভাবে কাজ করে
পুরো নাম ‘ভার্চ্যুয়াল প্রাইভেট নেটওয়ার্ক’ থেকেই বোঝা যায়, পাবলিক বা উন্মুক্ত ইন্টারনেট–সংযোগ থেকে প্রাইভেট বা সুরক্ষিত নেটওয়ার্ক তৈরির পদ্ধতি এটি। ভিপিএন ব্যবহার করলে ইন্টারনেটে তথ্যের আদান-প্রদান হয় এনক্রিপ্টেড মাধ্যমে। প্রেরক ও প্রাপক ছাড়া আর কেউ তা দেখতে পারার কথা নয়। এতে ব্যবহারকারী ইন্টারনেটে অজ্ঞাত থাকায় তাঁর গোপনীয়তা নিশ্চিত করা সম্ভব হয়। আরেকটি ব্যাপার হলো, ভিপিএন ব্যবহার করলে অবস্থান শনাক্ত করা কঠিন হয়ে পড়ে। ভিপিএন ব্যবহার করে ভারতে বসে যে কেউ ইন্টারনেটে নিজেকে যুক্তরাষ্ট্রে দেখাতে পারেন।
ভিপিএন কেন ব্যবহার করা হয়
ভিপিএন ব্যবহারের মাধ্যমে অনলাইনে নিজের পরিচয় গোপন রাখা যায়। নিরাপদে তথ্যের আদান-প্রদান সম্ভব হয়। নজরদারি এড়ানো যেতে পারে। একবাক্য, ভিপিএন ব্যবহারকারীর গোপনীয়তা বাড়ায়।
আপনি অনলাইনে কী কী করছেন, কোন কোন ওয়েবসাইট দেখছেন, চাইলে আপনার ডিভাইসের আইপি ঠিকানার মাধ্যমে ইন্টারনেট সেবাদাতারা তা জানতে পারে। ভিপিএন নকল আইপি ঠিকানা তৈরি করে। তা ছাড়া অনেকগুলো মাধ্যম ঘুরে তথ্যের সঞ্চালনা হয়। ফলে ইন্টারনেট সেবাদাতারা ব্যবহারকারীর কার্যক্রমে নজর রাখতে পারে না।
আবার ভিপিএনের মাধ্যমে অনলাইনে নিজের অবস্থান ভিন্ন দেখানোর সুযোগ আছে। এতে অবস্থান অনুযায়ী নিষিদ্ধ কনটেন্টও দেখার সুযোগ মেলে। যেমন চীনে গুগল নিষিদ্ধ। তবে ভিপিএনের মাধ্যমে সেখানেও গুগলের সেবা ব্যবহার করা যায়।
আবার কর্মীদের কাজের জন্য অনেক প্রতিষ্ঠানই ভিপিএন ব্যবহার করে। বিশেষ করে করোনার এই ঘরে থেকে কাজের সময়টাতে। এতে যে যেখানে থেকেই কাজ করুক না কেন, কর্মীরা প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ নেটওয়ার্কে যুক্ত থাকায় বাইরের কেউ তাতে হস্তক্ষেপ করতে পারে না।
কমিটির দুশ্চিন্তা কী নিয়ে
ভিপিএন যেমন ইন্টারনেট ব্যবহারকারীদের গোপনীয়তা রক্ষায় কাজ করে, একইভাবে সাইবার অপরাধীদের ওপর নজর রাখাও কঠিন করে তোলে। আইন প্রয়োগকারী সংস্থাগুলো দুর্বৃত্তদের সহজে শনাক্ত করতে পারে না। তখন নজরদারির জন্য অনেক ধরনের প্রযুক্তির প্রয়োগ করতে হয় তাদের। কমিটির সুপারিশে বলা হয়েছে, ভিপিএন ব্যবহারে দুর্বৃত্তরা অনলাইনে অজ্ঞাত থাকছে। এতে অনেক অনৈতিক কর্মকাণ্ডের হোতাদের শনাক্ত করা সম্ভব হচ্ছে না।
কমিটি কী সুপারিশ করেছে
কমিটির সুপারিশে বলা হয়েছে, ভিপিএন বন্ধে ভারতের ইলেকট্রনিকস ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়, দেশের ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলো এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে কাজ করবে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। স্থায়ীভাবে ভিপিএনের ব্যবহার বন্ধ রাখতে এই পক্ষগুলোর সঙ্গে নিয়মিত সমন্বয়ের আহ্বানও জানিয়েছে কমিটি।