ভারতে মুঠোফোন গ্রাহকের সংখ্যা ১০০ কোটি ছাড়িয়ে যাবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছয় বছর ধরে ভারতে যেভাবে মুঠোফোন গ্রাহকের সংখ্যা বাড়ছে তাতে আগামী দুই থেকে চার বছরের মধ্যে এই ব্যবহারকারী ১০০ কোটি ছাড়িয়ে যেতে পারে। এমন সম্ভাবনার কথা জানিয়েছে ভারতের টেলিফোন নিয়ন্ত্রণকারী সংস্থা টেলিকম রেগুলেটরি অথরিটি অব ইন্ডিয়া (ট্রাই)। ট্রাইয়ের চেয়ারম্যান কে এস শর্মা সম্প্রতি কলকাতায় একটি অনুষ্ঠানে যোগ দিতে এসে এই সম্ভাবনার কথা বলেছেন। এস শর্মা বলেছেন, গত ছয় বছরের প্রতিমাসে ভারতের মোবাইল ফোনের গ্রাহকের সংখ্যা যেভাবে বাড়ছে তাতে মনে করা যেতে পারে এই হারে বাড়লে আগামী চার বছরের মধ্যে অর্থাৎ ২০১৪ সালের মধ্যে এই সংখ্যা ১০০ কোটি ছাড়িয়ে যাবে। তবে ট্রাই স্বীকার না করলেও ভারতের টেলিযোগাযোগ সংস্থাগুলো মনে করছে, ২০১৪ নয় ২০১২ সালের মধ্যেই গ্রাহকের সংখ্যা ১০০ কোটিতে পৌঁছাবে। গত এপ্রিলের হিসাবে ভারতে মোবাইল গ্রাহকের সংখ্যা ছিল ৫৮ কোটি ৪৩ লাখ ২০ হাজার। তখন ল্যান্ড ফোন মিলিয়ে গ্রাহক সংখ্যা দাঁড়িয়েছিল ৬২ কোটি ১২ লাখ ৮০ হাজার। এখন মোবাইল গ্রাহকের সংখ্যা ৬৪ কোটি ছাড়িয়েছে। এক জরিপে দেখা গেছে, এখন ভারতের ৫৪ দশমিক ১০ শতাংশ মানুষ টেলিফোন ব্যবহার করেন। আবার মোবাইল গ্রাহকদের ২১ দশমিক ৭৩ শতাংশ বাজার দখল করে আছে ভারতী এয়ারটেল। এরপরে অবশ্য রিলায়েন্স ও ভোডাফোন। এদিকে ভারতের টেলিফোন শিল্পের সঙ্গে যুক্ত শীর্ষ কর্মকর্তারা মনে করেন, এভাবে ভারতে মোবাইল গ্রাহকের সংখ্যা বাড়লে সংখ্যার দিক থেকে ভারত চীনকেও টপকে যেতে পারে।তবে গ্রাহক যেভাবে বাড়ছে সেভাবে কিন্তু বাড়েনি ব্রডব্যান্ড বা ইন্টারনেট পরিষেবা। এখন সারা দেশে ইন্টারনেট ব্যবহার করেন মাত্র ৯০ লাখ মানুষ; যা জনসংখ্যার এক শতাংশেরও কম। —অমর সাহা, কলকাতা