ভারতে মুঠোফোনে শিক্ষাদান পদ্ধতি চালু
ভারতের বিভিন্ন স্কুল-কলেজে পড়াশোনাকালীন ব্যবহার নিষিদ্ধ থাকলেও মুঠোফোনের মাধ্যমে পড়াশোনা করার এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে দক্ষিণ ভারতের একটি প্রথম শ্রেণীর কলেজ। বেঙ্গালুরু রাজ্যের ইয়েলাহাঙ্কারের শেষাদ্রিপুরম কলেজে এখন শিক্ষা বিস্তারে মুঠোফোনের ব্যবহার বৈধ করেছে। সঙ্গে সঙ্গে সেখানে পাঠদান থেকে পরীক্ষাও নেওয়া হচ্ছে মুঠোফোনে।শিক্ষকেরা প্রশ্নপত্র করছেন মুঠোফোনে, আবার শিক্ষার্থীদের কাছ থেকে উত্তরপত্রও পেয়ে যাচ্ছেন তাতেই। শুধু তা-ই নয়, কলেজে উপস্থিতির হারও নিয়মিত রেকর্ড করা হচ্ছে মুঠোফোনে।কলেজের অধ্যক্ষ এম প্রকাশ জানিয়েছেন, এই শিক্ষাপদ্ধতির নাম দেওয়া হয়েছে ‘ইন্টারঅ্যাকটিভ প্লাটফর্ম অন মোবাইল’। এখানে প্রত্যেক শিক্ষার্থী ও শিক্ষকের হাতে দেওয়া হয়েছে একই ধরনের মুঠোফোন। এসএমএস ও গেমের সুবিধা রয়েছে এই সেটে। মুঠোফোনগুলো একটি কমন সার্ভারের সঙ্গে যুক্ত। কীভাবে ব্যবহার করতে হয়, তারও যথাযথ নির্দেশনা দেওয়া হয়েছে প্রত্যেক শিক্ষার্থীকে। ক্লাসের শেষে অবশ্য কলেজ কর্তৃপক্ষের হাতে ফিরিয়ে দেওয়া হয় ফোনসেটগুলো। এখানে গত বছর বিবিএম ও বিসিএ কোর্সে প্রথম পরীক্ষামূলকভাবে চালু করা হয় এই মুঠোফোনে পড়াশোনা এবং পরীক্ষাকার্যক্রম। ছাত্রছাত্রীদের মধ্যে মুঠোফোনে পড়াশোনা করার আগ্রহ দেখে অবশেষে সব কোর্সেই এই ফোন ব্যবহারের উদ্যোগ নেয় কলেজ কর্তৃপক্ষ।অধ্যক্ষ আরও বলেছেন, পরীক্ষার সময় প্রতি বিষয়ে মাল্টিপল চয়েস প্রথায় প্রশ্নপত্র তৈরি করা হয়। চারটি উত্তরের মধ্যে সঠিক উত্তরটি বেছে নিতে হয় পরীক্ষার্থীদের। তাঁরা শুধু সঠিক উত্তরটি মুঠোফোনে লেখেন। তারপর সাবমিট অপশনটি ক্লিক করে উত্তর পাঠিয়ে দেন। কমন সার্ভারে রেকর্ড থাকে তাঁদের এই উত্তর। নম্বর দেওয়া হয় একই পদ্ধতিতে। চাইলে তাঁরা মুঠোফোনের ক্যালকুলেটর খুলে মোট নম্বর যোগ করে নিতে পারেন। এভাবে তিন ঘণ্টার মধ্যে ১২০টি প্রশ্নের উত্তর দিতে পারেন তাঁরা। এতে আটকানো যাচ্ছে পরীক্ষায় নকল করার প্রবণতা। এমনিভাবে কলেজে শিক্ষার্থীদের উপস্থিতির হারও রেকর্ড হয়। শিক্ষকদের প্রত্যেককেই একটি পাসওয়ার্ড দেওয়া থাকে। সঠিক পাসওয়ার্ড দিতে পারলেই কোর্স এবং শ্রেণীর বিষয় খুলে যায়। খুলে যায় সংশ্লিষ্ট বিষয়ে ক্লাসের শিক্ষার্থীদের নামের তালিকা। ক্লাস শুরু হলে মুঠোফোনেই তাঁদের নাম ডাকা হয়। সঙ্গে সঙ্গে উপস্থিতির হার রেকর্ড হয়ে যায় নির্দিষ্ট সার্ভারে। কোনো শিক্ষার্থী পরপর তিন দিন কলেজে অনুপস্থিত থাকলে কলেজ থেকে সরাসরি এসএমএস চলে যায় তাঁর অভিভাবকের কাছে। —অমর সাহা, কলকাতা