ভারতে মোবাইল পরিষেবায় ইউনিনর
কলকাতাসহ গোটা পশ্চিমবঙ্গে মোবাইল পরিষেবায় এবার যুক্ত হলো ইউনিনর। একই সঙ্গে এই সংস্থা তাদের এই জিএসএম মোবাইল পরিষেবা চালু করেছে রাজধানী, মুম্বাইসহ মহারাষ্ট্র, গুজরাট এবং গোয়াতেও। সম্প্রতি কলকাতার একটি হোটেলে পরিষেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ অঞ্চলের নির্বাহী সহসভাপতি আকাশ দাস। তিনি বলেন, কম খরচে উন্নত মোবাইল পরিষেবা দেওয়াই তাঁদের মূল লক্ষ্য। ডায়নামিক প্রাইসিং সিস্টেমে এই সংস্থার মোবাইল ফোনের গ্রাহকেরা পাবেন দিনরাতের বিভিন্ন সময়ে বিভিন্ন হারে কথা বলার সুযোগ। কল রেট হবে ৫০ পয়সার মধ্যে। বিভিন্ন সময়ে প্রতিটি কলে গ্রাহকেরা ৫ থেকে ৬০ শতাংশ পর্যন্ত ছাড় পাবে। ফলে গ্রাহকেরা ২০-২৫ পয়সায়ও কল করার সুযোগ পাবেন। নরওয়ের মোবাইল পরিষেবা সংস্থা টেলিনর এবং ভারতের দ্বিতীয় বৃহত্তম নির্মাণ সংস্থা ইউনিটেক যৌথ উদ্যোগে নিয়ে এসেছে নতুন এই মোবাইল পরিষেবা ইউনিনর। আকাশ দাস জানান, আগামী ১০ ভারতের টেলিকম শিল্পে কমপক্ষে ১৫ হাজার কোটি রুপি বিনিয়োগ করা হবে। —অমর সাহা, কলকাতা