ভারতে মোবাইল ফোনে অবাঞ্ছিত কলের জন্য শাস্তি
মোবাইল ফোনে অবাঞ্ছিত কলে এখন সমস্যায় পড়ছেন ভারতের মোবাইল ফোনের গ্রাহকেরা। দিন নেই রাত নেই অবাঞ্ছিত কল আসছে গ্রাহকদের কাছে। এতে ক্ষুব্ধ মোবাইল ফোনের গ্রাহকেরা। এর প্রতিকার চেয়ে বারবার তাঁরা ভারত সরকারের নিয়ন্ত্রণাধীন টেলিকম অথরিটি অব ইন্ডিয়ার (ট্রাই) কাছে আবেদন করেছেন। এরই পরিপ্রেক্ষিতে ট্রাই গত মঙ্গলবার এক নির্দেশ জারি করে বলেছে, যেসব বিপণন সংস্থা ওই সব অবাঞ্ছিত কল করে গ্রাহকদের উত্ত্যক্ত করছে, তাদের বিরুদ্ধে এবার শাস্তির বিধান করা হয়েছে। ট্রাই অবিলম্বে এই অবাঞ্ছিত কল বন্ধের জন্য সংশ্লিষ্ট সংস্থার কাছে আবেদনও জানিয়েছে। ওই আবেদনে বলা হয়েছে, সংশ্লিষ্ট বিপণন সংস্থা এ ব্যাপারে যত্নবান না হলে ওই সংস্থাকে জরিমানা করা হবে। প্রথমবার ২৫ হাজার, দ্বিতীয়বার ৭৫ হাজার, তৃতীয়বার ৮০ হাজার, চতুর্থবার এক লাখ ২৫ হাজার, পঞ্চমবার এক লাখ ৫০ হাজার এবং ষষ্ঠবার জরিমানা করা হবে দুই লাখ রুপি। এর পরও যদি ওই সংস্থা অবাঞ্ছিত কল করে গ্রাহকদের বিরক্ত করে, তবে সেই নম্বরগুলো বন্ধ করে দেওয়া হবে। একই সঙ্গে সংশ্লিষ্ট টেলিফোন সংস্থাকেও জরিমানা করা হবে। এর পরিমাণ হবে সর্বনিম্ন এক লাখ থেকে সর্বোচ্চ ১০ লাখ রুপি। এ ছাড়া গ্রাহকেরা কোনটা অবাঞ্ছিত কল, তা যাতে সহজে নিরূপণ করতে পারেন, সে জন্য ওই সব ফোনের আগে ৭০০ বসিয়ে দিচ্ছে ট্রাই। অর্থাৎ যেসব ফোন নম্বরের আগে ৭০০ দেখা যাবে, সেটিই মনে করা হবে অবাঞ্ছিত কল। ফলে গ্রাহকেরা এই কলের বিরুদ্ধে অভিযোগ জানাতে পারবেন। —অমর সাহা, কলকাতা