ভারতে সরকারি ওয়েবসাইটে হ্যাকারের হামলা চলছেই
ভারতের সরকারি ওয়েবসাইটে দেড় মাস ধরে হ্যাকারদের হামলা চলছেই। এই আক্রমণের শিকার হয়েছে অন্তত ৮০টি সরকারি ওয়েবসাইট। এবার বেদখল (হ্যাকড) হয়ে গেছে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরের সরকারি ওয়েবসাইট। গত সোমবার বেলা ১১টা নাগাদ এই ওয়েবসাইট খোলা হলে দেখা যায়, এটি হ্যাক করেছে ‘খানটাসটিয়া’ নামে পাকিস্তানের করাচিভিত্তিক একটি সংগঠন। সেখানে তারা ভারতবিরোধী বেশ কিছু বক্তব্য জুড়ে দেয়। এদিকে জানা গেছে, কলকাতার সিআইডির ওয়েবসাইট যেদিন হ্যাক করা হয়েছিল, তার এক মাস আগে একই দিন ওই জঙ্গি সংগঠন ভারতের আরও ৭৮টি ওয়েবসাইট হ্যাক করেছিল। এর আগে ৩০ অক্টোবর হ্যাকারের খপ্পরে পড়েছিল কলকাতা সিআইডির ওয়েবসাইট এবং একই সঙ্গে কলকাতার পুলিশ কমিশনার রঞ্জিত কুমার পচনন্দার ব্যক্তিগত ই-মেইলও। সিআইডির ওয়েবসাইটে ঢুকে প্রথম পৃষ্ঠায় নিজেদের বক্তব্য জানিয়ে দেয় ‘মুসলিম লিবারেশন আর্মি’ নামের করাচিভিত্তিক একটি জঙ্গি সংগঠন। —অমর সাহা, কলকাতা