ভারতে সাশ্রয়ী ট্যাবলেট ‘আকাশ ২’
ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি গতকাল রবিবার দিল্লিতে ১ হাজার ১৩০ রুপি মূল্যের আকাশ ২ ট্যাবলেটের উদ্বোধন করেছেন। দেশটির শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে তৈরি সাশ্রয়ী ‘আকাশ’ ট্যাবলেটের দ্বিতীয় সংস্করণ হচ্ছে- ‘আকাশ ২’। খবর এনডিটিভির।লিনাক্স অপারেটিং সিস্টেমনির্ভর আকাশ ২ ট্যাবলেটে থাকছে ১ গিগাহার্টজের প্রসেসর, ৫১২ মেগাবাইট র্যাম। ৭ ইঞ্চি মাপের ক্যাপাসিটিভ স্ক্রিনের এ ট্যাবলেটে ৩ ঘণ্টা পর্যন্ত চার্জ থাকবে। ভারতের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি, সেন্টার ফর ডেভেলপমেন্ট অফ অ্যাডভান্সড কম্পিউটিংয়ের তত্ত্বাবধানে এ ট্যাবলেট তৈরি করেছে ডাটাউইন্ড নামের একটি প্রতিষ্ঠান।এ প্রসঙ্গে ডাটাউইন্ডের প্রধান নির্বাহী সুনীত তুলি জানিয়েছেন, এ ট্যাবলেট তৈরিতে ২ হাজার ২৬৩ রুপি খরচ হচ্ছে। তবে সরকার অর্ধেকটা ভর্তুকি দিয়ে শিক্ষার্থীদের কাছে ১ হাজার ১৩০ রুপিতে এ ট্যাবলেট সরবরাহ করবে।ভারতের এইচআরডি মন্ত্রণালয়ের বরাতে জানা গেছে, প্রথম এক লাখ ট্যাবলেট প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের জন্য বরাদ্দ থাকবে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে আগামী পাঁচ থেকে ছয় বছরে ২২ কোটি শিক্ষার্থীর কাছে ‘আকাশ’ ট্যাবলেট পৌঁছে দেওয়ার পরিকল্পনা করেছে।