ভারতে সৌরবিদ্যুতে মোবাইল টাওয়ার চালানোর উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে এবার সৌর বিদ্যুৎ ব্যবহার করে মোবাইল ফোনের টাওয়ার (বিটিএস) চালানোর উদ্যোগ নিয়েছে ভারতের টেলিযোগাযোগ মন্ত্রণালয়। ভারতের টেলিযোগাযোগ দপ্তরের মোবাইল টাওয়ার বিধিনিষেধসংক্রান্ত কমিটির প্রধান অজিত ভট্টাচার্য গত সোমবার রাজধানী নয়াদিল্লিতে বলেছেন, ভারতের এখন প্রায় সর্বত্রই বিস্তৃতি লাভ করেছে মোবাইল ফোনের নেটওয়ার্ক। কিন্তু এখনো বহু এলাকা রয়েছে, যেখানে বিদ্যুৎ যায়নি। তাই সেসব এলাকায় এখনো জেনারেটরের সাহায্যে চালানো হয় মোবাইল টাওয়ার। এতে করে খরচ হয় প্রচুর। তা ছাড়া এই জেনারেটর চালানোর কারণে পরিবেশও দূষিত হচ্ছে। সরকার চাইছে সৌর-শক্তির মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের মোবাইল টাওয়ার চালাতে। এই লক্ষ্যে পাঁচ সদস্যের একটি বিশেষ কমিটিও গঠন করা হয়েছে। এই কমিটিতে টেলিকম দপ্তরের কর্মকর্তা ছাড়াও রাখা হয়েছে পরিবেশবিদ ও বিজ্ঞানীদের। অজিত ভট্টাচার্য আরও জানান, গত এক বছরে ওই সব জেনারেটরের পেট্রল বাবদই খরচ হয়েছে ছয় হাজার ৪০০ কোটি রুপি। তাই সৌর শক্তির সাহায্যে মোবাইল ফোন টাওয়ার চালানো হলে খরচ কমবে, পরিবেশও বাঁচবে। তিনি আরও বলেছেন, এখন গোটা ভারতে পাঁচ লাখ মোবাইল ফোনের টাওয়ার রয়েছে, যা থেকে বছরে প্রায় ৫৩ লাখ টন কার্বন ডাই-অক্সাইড বাতাসে মিশছে। এতে বাড়ছে পরিবেশদূষণ। এসবের হাত থেকে রক্ষা পেতে সৌর -বিদ্যুতের কথা ভাবা হচ্ছে। —অমর সাহা, কলকাতা