ভারতে স্মার্টফোনের দাম কমে যাবে

এ বছর ভারতের বাজারে স্মার্টফোনের দাম কমে যাবে। বাজার গবেষণা প্রতিষ্ঠান জিএফকের এক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরেই ভারতের বাজারে স্মার্টফোনের দাম ১১ শতাংশ পর্যন্ত কমে যাবে। খবর পিটিআইয়ের।
জিএফকে তথ্য অনুযায়ী, ভারতে ফোরজি সুবিধার স্মার্টফোনের চাহিদা বাড়ছে। বর্তমানে ছয় শতাংশ ফোরজি স্মার্টফোন ব্যবহৃত হচ্ছে সেখানে। জিএফকে জানিয়েছে, স্মার্টফোন বিক্রিতে শীর্ষস্থানে চলে যাবে ভারত। এ বছরের দ্বিতীয় প্রান্তিক, অর্থাৎ এপ্রিল থেকে জুন এই তিন মাসের হিসাব ধরলে গত বছরের তুলনায় বিশ্বব্যাপী স্মার্টফোন বিক্রি সাত শতাংশ বেড়েছে আর পরিমাণ বিবেচনায় ধরলে গত বছরের তুলনায় পাঁচ শতাংশ বেশি স্মার্টফোন বাজারে এসেছে।
জিএফকের পূর্বাভাস অনুযায়ী, বিশ্বজুড়ে ফোরজি সুবিধার স্মার্টফোনের ব্যবহার বাড়বে। বর্তমানে ৩৮ শতাংশ স্মার্টফোনে থ্রিজি নেটওয়ার্ক ব্যবহৃত হচ্ছে।
জিএফকের বিশ্লেষকেদের মতে, এখন বাজারে চীনে তৈরি মোবাইল ফোনের প্রাধান্য বেশি। চীনা ব্র্যান্ডের মোবাইলগুলো যেভাবে বাজার দখল করছে, তা বিশ্বের বড় ব্র্যান্ডগুলোর জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বাজারে স্মার্টফোনের দামের প্রতিযোগিতা বেড়ে যাওয়ায় গড়পড়তা স্মার্টফোনের দামের ওপর এর প্রভাব পড়ছে। স্মার্টফোনের গড়মূল্য কমে আসছে। বর্তমানে ৮০ শতাংশ সাশ্রয়ী দামের স্মার্টফোন বিক্রি হচ্ছে বলে এর দাম কমাতে বাধ্য হবে নির্মাতারা।