ভারতে হোয়াটসঅ্যাপ, হ্যাংআউটসের বার্তা মুছে ফেলা অবৈধ হতে পারে

‘জাতীয় এনক্রিপশন নীতিমালা’ নামের বিশেষ একটি খসড়া নীতিমালা তৈরি হচ্ছে ভারতে। এটি যদি চূড়ান্ত হয় তবে দেশটিতে হোয়াটসঅ্যাপ, হ্যাংআউটসের বার্তা মুছে ফেলা অবৈধ হয়ে যেতে পারে। অর্থাৎ, হোয়াটসঅ্যাপ, গুগল হ্যাংআউটস কিংবা অ্যাপলের আইমেসেজ ব্যবহারকারীরা তাঁদের আদান-প্রদান করা বার্তা তৎক্ষণাৎ মুছে ফেলতে পারবেন না। তিন মাস পর্যন্ত বার্তা রেখে দিতে হবে। অনলাইনে যাঁরা ব্যবসা করেন তাঁদেরও স্পর্শকাতর তথ্য রেখে দেওয়ার বিষয়টি এর মধ্যে পড়বে।
তথ্য আদান-প্রদানে তথ্যের গোপনীয়তা নিশ্চিত করতে কোডিং ব্যবহার করার প্রক্রিয়াই হলো এনক্রিপশন।
সম্প্রতি ভারতের সরকার দেশটির নাগরিক ও প্রতিষ্ঠানগুলোর প্রতিক্রিয়া জানার জন্য জাতীয় এনক্রিপশন নীতিমালা খসড়া একটি ডকুমেন্ট অনলাইনে ছেড়েছে। এতে সরকার, ব্যবসা ও নাগরিকদের ব্যবহৃত এনক্রিপশন ও যোগাযোগ পদ্ধতির কথা বলা হয়েছে।
খসড়া নীতিমালা অনুযায়ী, ভারতের নাগরিকেরা তথ্য সংরক্ষণ ও যোগাযোগের ক্ষেত্রে এনক্রিপশন প্রযুক্তি ব্যবহার করতে পারবেন। এনক্রিপশন অ্যালগরিদম ও কীর আকার কেমন হবে তা নির্দিষ্ট সময় অন্তর সরকার থেকে নোটিফিকেশনের মাধ্যমে বলে দেওয়া হবে। অর্থাৎ, সরকার গুগল, হোয়াটসঅ্যাপের মতো সেবাগুলোর জন্যও এনক্রিপশনের মান নির্ধারণ করে দেবে। ভারতীয় সরকারের ঠিক করে দেওয়া সেই মান এসব প্রতিষ্ঠানকে মানতে হবে।
তবে এ নীতিমালায় আরও বলা হয়েছে, সরকার নির্দিষ্ট নীতিমালা করে দেবে যাতে ৯০ দিন পর্যন্ত এনক্রিপশন সেবা ব্যবহারকারীকে টেক্সট সংস্করণ আকারে সংরক্ষণ করতে হবে।