ভারতের দুর্বল নির্বাচন কমিশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের প্রধান নির্বাচন কমিশনার ভি এস সমপথ
ভারতের প্রধান নির্বাচন কমিশনার ভি এস সমপথ

শেষ দিনের দৃশ্যটা এ রকম : কলকাতা থেকে ঘণ্টা দেড়েকের দূরত্বে হাড়োয়ার ব্রাহ্মণপাড়ায় তাঁর কনভয় থামল। নির্বাচন কমিশন নিযুক্ত পশ্চিমবঙ্গের বিশেষ পর্যবেক্ষক সুধীরকুমার রাকেশ গাড়ি থেকে নামলেন। আশপাশে থমথমে মুখ নিয়ে ছড়িয়ে-ছিটিয়ে কিছু নারী-পুরুষ। সাতসকালে তাঁদের গ্রামের কারও কারও ওপর গুলি চলেছে। ধারালো অস্ত্রের কোপও পড়েছে। অপরাধ, তাঁরা সিপিএমের সমর্থক, ভোট দিতে যাচ্ছিলেন দলবদ্ধভাবে। তাঁদের বলা হয়েছে, বুথমুখো হলে কেটে ফেলা হবে।
সুধীরকুমার রাকেশ তাঁদের অভয় দিলেন। পুলিশি পাহারায় ভোট দিতে যেতে বললেন। জনতা অনড়। তাঁরা ভোটের জন্য প্রাণ বাজি রাখতে নারাজ। সুধীরকুমারের মুখের ওপর বলে দিলেন, ভোট চুকেবুকে গেলেই তো পুলিশ পিঠটান দেবে। তারপর? কে বাঁচাবে তাঁদের? সুধীরকুমার রাকেশ ব্যর্থ হয়ে ফিরে গেলেন।
এটা শুধু একটা বিচ্ছিন্ন ঘটনা নয়, পশ্চিমবঙ্গে এবারের নির্বাচনে বিভিন্ন পর্বে বিভিন্ন জেলার কেন্দ্রে কেন্দ্রে সহিংসতার এমন কদর্য ছবি দেখা গেল। জবরদস্তি ভোটদানে বাধা, বুথ জ্যাম করে রেখে নিজেদের লোক দিয়ে ভোট করানো, বিরোধীদের এজেন্টকে বুথ থেকে বের করে দেওয়া এবং বুথ দখল করে প্রিসাইডিং অফিসারের নাকের ডগায় একের পর এক ‘ছাপ্পা’ ভোট দেওয়ার যে ছবিটা আশির দশকে বাম আমলে নিয়মিত দৃশ্যমান ছিল, বহুদিন পর এবার রাজ্যের ভোটে তার পুনরাবির্ভাব ঘটল। বাম আমলে বিরোধীরা ওই প্রবণতার নাম দিয়েছিল ‘সায়েন্টিফিক রিগিং’। পরিবর্তনের পর বাম শিবিরের বেনো জল দল বদল করে সেই শিক্ষায় শিক্ষিত ও দীক্ষিত করে তুলেছে রাজ্যের বর্তমান শাসকদের। এবারের ভোটে তার সার্থক প্রয়োগ বহুদিন পরে আরও একবার দেখা গেল। শেষ পর্যন্ত সুধীরকুমারও স্বীকার করলেন, তাঁদের অঙ্কে ভুল হয়েছিল। পশ্চিমবঙ্গের মডেলটা তাঁরা ধরতে পারেননি। কী সেই মডেল? সেটা হলো, ভোটের দিন কয়েক আগ থেকেই এলাকায় এলাকায় গ্রামে গ্রামে শীতল সন্ত্রাসের মাধ্যমে বিরোধী ভোটারদের বুথে আসা বন্ধ করে দেওয়া। তবে যারা এভাবে নির্বাচনবিধি লঙ্ঘন করেছে, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি নির্বাচন কমিশন।

.
.

একটা সময় ছিল, যখন উত্তর প্রদেশ, বিহার ও হরিয়ানায় ভোট হলে নির্বাচন কমিশন ও রাজ্য পুলিশের রাতের ঘুম ছুটে যেত। গুলি, রক্তপাত ও প্রাণহানি ছিল নৈমিত্তিক ব্যাপার। ধীরে ধীরে সেই প্রবণতা কমে যায়। নির্বাচন হয়ে ওঠে অনেকাংশে অবাধ ও শান্তিপূর্ণ। পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক দেশের নির্বাচন কমিশনকে সংস্কারের মাধ্যমে আজকের এই ‘অবিতর্কিত সংস্থায়’ যিনি রূপান্তরিত করেছেন, তাঁর নাম টি এন সেশন। ১৯৯০ সালের শেষে দায়িত্ব গ্রহণের পর সেশন নানা প্রতিরোধকে হেলায় পাশ কাটিয়ে কমিশনের নিরপেক্ষতাকে প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিলেন। তিনি চলে যাওয়ার পরেও তাঁর দেখিয়ে যাওয়া পথে হেঁটে তাঁর উত্তরসূরিরা দেশের নির্বাচন ও কমিশনকে বিতর্কের ঊর্ধ্বে নিয়ে যেতে পেরেছিলেন। সেশন-পরবর্তী যুগে এই প্রথমবার নির্বাচন কমিশনের সুনামে টোল পড়ল। ভোটে রক্তের বন্যা বইল, কমিশনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে একের পর এক প্রার্থী নির্বাচন বিধিও ভাঙলেন। সেই ‘অপরাধীদের’ তালিকায় নরেন্দ্র মোদি, রাহুল গান্ধী যেমন আছেন, তেমনি রয়েছেন পশ্চিমবঙ্গের অনুব্রত মণ্ডল বা উত্তর প্রদেশের আজম খাঁ অথবা অমিত শাহরা। কমিশন এঁদের কারও বিরুদ্ধে কিছুই প্রায় করে উঠতে পারল না। করা সম্ভবও নয়। কারণ, যেসব আইনের ওপর নির্ভর করে কমিশন নির্বাচনকে সুষ্ঠু ও অবাধ করতে চায়, তার ফাঁক গলেই অপরাধীরা পার পেয়ে যায়। যেমন অনুব্রত মণ্ডল। পশ্চিমবঙ্গের বীরভূম জেলার এই তৃণমূল নেতা প্রকাশ্যে জনসভায় বিরোধীদের খুন করার হুমকি দিলেও কমিশন তাঁকে গ্রেপ্তার করাতে পারেনি। অনুব্রতর হুমকির পরে তাঁর এলাকায় খুনও হয়ে গেল। কমিশন রাজ্যের পুলিশকে বাধ্য করাতে পারল না তাঁকে গ্রেপ্তার করাতে। এমনকি, অনুব্রতকে গৃহবন্দী করে রাখার নির্দেশ দেওয়ার ক্ষমতাও কমিশনের নেই। আচরণবিধি লঙ্ঘিত হলে কমিশন পুলিশকে বলতে পারে অপরাধীর বিরুদ্ধে এফআইআর দায়ের করতে। করাও হয়। কিন্তু আইন এতই পলকা যে তা ভোটে প্রভাব ফেলে না। অন্যদিক থেকে দেখতে গেলে, কোন জেলায় কোন কোন বুথ স্পর্শকাতর, তা ঠিক করার দায়িত্ব জেলা প্রশাসনের। রাজ্যের ক্ষমতাসীন দলের নির্দেশে জেলা প্রশাসন সেই কাজটা করে। কমিশনও বাধ্য হয় সে অনুযায়ী ব্যবস্থা নিতে। ব্যবস্থা বলতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন। সেই বাহিনীকে আবার রাজ্য সরকার চালনা করে। বহু ক্ষেত্রে এমন হয়েছে, রাজ্যে বাহিনী এসেছে, কিন্তু তাদের স্পর্শকাতর এলাকায় মোতায়েন না করে শান্তিপূর্ণ এলাকায় রেখে দেওয়া হয়েছে।
এই প্রবণতা বন্ধে প্রয়োজন নির্বাচনের দিন ঘোষণা হওয়ার পর থেকে প্রশাসনিক সব দায়িত্ব কমিশনের হাতে তুলে দেওয়া। পশ্চিমবঙ্গে এবার রাজ্য সরকারের সঙ্গে নির্বাচন কমিশনের বারবার যে বিরোধ দেখা দিল, আইন না হলে তা বন্ধ করা সম্ভবই নয়। যেসব অবাধ্য প্রশাসনিক কর্মকর্তাকে কমিশন দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে, মুখ্যমন্ত্রী প্রকাশ্যেই তাঁদের প্রশংসা করে ভোটের পরে সবাইকে পুরোনো পদে বহাল করার নির্দেশনামা জারি করে দিয়েছেন। এর অন্যথা হওয়ার কোনো আইনি রক্ষাকবচ নেই। ফলে কমিশনও গুরুত্বহীন হয়ে যায়।
ভারতের নির্বাচনী সংস্কারের প্রয়োজনীয় কাজগুলোও এখনো অসমাপ্ত রয়ে গেছে। সবচেয়ে বড় কাজ নির্বাচনী খরচ কমানো। রাষ্ট্রীয় তহবিলে ভোট করানো না গেলে নির্বাচনে কালোটাকার ঝনঝনানি ঠেকানো সম্ভব নয়। কালোটাকায় ভোট তারাই করতে পারে, যাদের তা আছে। কোন ভোটে কে কত টাকা খরচ করতে পারবে, তার একটা মাপকাঠি নির্বাচন কমিশন বেঁধে দিলেও বাস্তবে খরচের কোনো মাপজোখ থাকে না। নির্বাচনকে সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ করতে কমিশনের হাতে আরও ক্ষমতা দেওয়া দরকার, যাতে তাদের অবাধ্য রাজ্য সরকারের বিরোধিতা ও অসহযোগিতার মোকাবিলা করতে না হয়। টি এন সেশন নিজের ব্যক্তিত্বে অনেক অসাধ্য সাধন করেছেন। ভারতের নির্বাচন কমিশন আজ যতটুকু সমীহ আদায় করছে, তা তাঁরই অবদান। কিন্তু সবাই তো তাঁর মতো কঠিন, কঠোর ও ব্যক্তিত্বসম্পন্ন নন। বর্তমান মুখ্য নির্বাচন কমিশনার ভি এস সমপথের মতো নরম-সরম মানুষেরাও তো আছেন! আজ তাঁরা যেভাবে সমালোচিত হচ্ছেন, তা থেকে তাঁদের বাঁচাতে প্রয়োজন আরও সংস্কার ও কঠোর আইনের। নইলে আগামী দিনে বিশ্বের বৃহত্তম গণতন্ত্র তার গরিমা হারাবে।