ভার্চ্যুয়াল প্রশিক্ষণের ওয়েবসাইট
ইন্টারনেটে ভার্চ্যুয়াল প্রশিক্ষণ নেটওয়ার্ক তালহা ট্রেনিং ডটকম (www.talhatraining.com) চালু হয়েছে। বিভিন্ন প্রতিষ্ঠান, নিয়োগ কর্তা এবং দক্ষ কর্মীর মধ্যে যোগাযোগ ঘটিয়ে দেবে এই ওয়েবসাইট। তালহার রয়েছে বড়সড় সার্চ সুবিধা। যার মাধ্যমে যোগ্য কর্মী বাছাই করতে এবং প্রয়োজনে তাঁদের সঙ্গে বার্তা আদান-প্রদান করা যাবে। তালহা ট্রেনিংয়ের ভার্চ্যুয়াল ভিডিও সম্মেলনের মাধ্যমে বিশ্বের যেকোনো জায়গা থেকে অফিস পর্যবেক্ষণ করা যাবে। গতকাল বুধবার রাজধানীতে এক সংবাদ সম্মেলনে এই ওয়েব পোর্টালের উদ্বোধন করা হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহ-উপাচার্য চৌধুরী মফিজুর রহমান, বিডিজবস ডটকমের প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহিম মাশরুর, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের পরিচালক (প্রশিক্ষণ) মোহাম্মদ এনামুল কবিরসহ অনেকে।
তালহা ভার্চ্যুয়াল ট্রেনিংয়ের প্রধান নির্বাহী শফিউল আলম জানান, এর মাধ্যমে প্রযুক্তিপ্রেমী তরুণ প্রজন্মকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। ছাত্র এবং শিক্ষক-প্রশিক্ষককে একই ছাতার নিচে মিলিত করার একটি প্রয়াস এই ওয়েবসাইট। এতে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণের সুযোগ থাকবে। বিজ্ঞপ্তি