ভালুকার কলেজে রবির কম্পিউটার কর্নার স্থাপন
প্রযুক্তিসুবিধাবঞ্চিত কলেজগুলোতে আধুনিক তথ্যসুবিধা পৌঁছে দিতে মোবাইল ফোন সংযোগদাতা প্রতিষ্ঠান রবি বর্তমানে প্রতিটি জেলায় একটি করে কলেজে ‘রবি কম্পিউটার কর্নার’ স্থাপন কার্যক্রম শুরু করেছে। গতকাল মঙ্গলবার দুপুরে ময়মনসিংহের ভালুকা ডিগ্রি কলেজে রবি কম্পিউটার কর্নার স্থাপন কার্যক্রম শুরু করেছে। এ কম্পিউটার কর্নারের জন্য রবি দুটি টেবিল, চারটি চেয়ার ও চারটি কম্পিউটার হস্তান্তর করে।কলেজের শিক্ষক পরিষদ মিলনায়তনে ভালুকার সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আবদুল ওয়াদুদ কলেজের অধ্যক্ষ ছাইদুর রহমান খানের কাছে আনুষ্ঠানিকভাবে রবির দেওয়া সামগ্রী হস্তান্তর করেন। এ সময় কলেজের পরিচালনা পর্ষদের সদস্য ও শিক্ষকেরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে রবির নির্বাহী কর্মকর্তা মো. মুকিতুল ইসলাম বলেন, রবি দেশের গ্রামেগঞ্জে ছড়িয়ে থাকা মানসম্পন্ন কলেজগুলোতে ক্রমান্বয়ে এই কম্পিউটার কর্নার স্থাপন করবে। এটি রবির আরও অনেক সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির একটি। —মো. কামরুজ্জামান, ময়মনসিংহ