মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় ভালো ফল করেও ভালো কলেজে ভর্তির জন্য উত্তীর্ণ শিক্ষার্থীদের কঠিন প্রতিযোগিতার মুখে পড়তে হবে৷ কারণ, ভালো কলেজগুলোতে একাদশ শ্রেণিতে যে পরিমাণ আসন আছে, সেই হিসেবে জিপিএ-৫ পেয়েও অনেক মেধাবী শিক্ষার্থী প্রত্যাশিত কলেজে ভর্তি হতে পারবে না৷
এবারও একাদশ শ্রেণিতে ভর্তি হবে আগের মতো মাধ্যমিকের ফলাফলের ভিত্তিতে৷ ২৮ মে থেকে একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির কার্যক্রম শুরু হবে৷ ভর্তি শেষে ক্লাস শুরু হবে ১ জুলাই৷ শিক্ষা মন্ত্রণালয়ের সূত্রে এই তথ্য জানা গেছে৷
গতকাল শনিবার এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে৷ এবার এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় শুধু জিপিএ-৫ পেয়েছে এক লাখ ৪২ হাজার ২৭৬ জন৷ অথচ রাজধানীতে ভালো কলেজগুলোতে একাদশ শ্রেিণতে আসন আছে ১৫ হাজারের মতো৷ দেশের অন্যান্য এলাকার নামী কলেজে আসনসংখ্যা সব মিলিয়ে আরও কয়েক হাজার হবে বলে বাংলাদেশ শিক্ষা, তথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) সূত্রে জানা গেছে৷ এ কারণে এসএসসিতে জিপিএ-৫ পেয়েও অনেকে ভালো কলেজে ভর্তির সুযোগ পাবে না৷
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদও গতকাল ফল প্রকাশের সময় বলেছেন, ভালো কলেজে আসনের সমস্যা আছে৷ তবে সার্বিকভাবে আসনের কোনো সংকট নেই৷ যারা পাস করেছে, তারা সবাই ভর্তি হতে পারবে৷
শিক্ষা মন্ত্রণালয়ের সূত্রমতে, ১৫ মে একাদশ শ্রেিণর ভর্তির নীতিমালা চূড়ান্ত করা হয়৷ নীতিমালা অনুযায়ী একাদশ শ্রেিণতে ভর্তির জন্য ২৮ মে থেকে ১২ জুন পর্যন্ত টেলিটক মুঠোফোনের মাধ্যমে খুদে বার্তায় আবেদন করতে হবে৷ তবে সনাতন পদ্ধতিতেও আবেদন জমা দেওয়া যাবে৷ ফল পুনঃনিরীক্ষণে যাদের ফল পরিবর্তন হবে, তারা ১৬ জুন পর্যন্ত আবেদন করতে পারবে৷
এরপর ২২ জুন ভর্তির জন্য মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে৷ বিলম্ব ফি ছাড়া ভর্তি ও টাকা জমা দেওয়া যাবে ৩০ জুন পর্যন্ত৷ বিলম্ব ফিসহ ভর্তি ও টাকা জমা দেওয়া যাবে ২২ জুলাই পর্যন্ত৷ এবারও ভর্তি ফরমের দাম নির্ধারণ করা হয়েছে ১২০ টাকা৷