প্রেমহীন যুবক
রাত ১২টা
ফেসবুকে ভ্যালেন্টাইনস ডের বিরুদ্ধে কড়া স্ট্যাটাস প্রদান। এরপর স্ট্যাটাসে লাইক দেওয়া মেয়েদের চ্যাটের মাধ্যমে ভ্যালেন্টাইনস ডে সম্পর্কে সঠিক গাইডলাইন দেওয়ার চেষ্টা।
রাত ১টা
মোবাইল ফোনে বিভিন্ন অপরিচিত নম্বরে ফোন করে আলাপ জমানোর চেষ্টা।
রাত ২টা
সবার কাছ থেকে কঠিন গালি খেয়ে ‘আলাপ জমানো কর্মসূচি’ প্রত্যাহার। এরপর ‘সবার জীবনে প্রেম আসে’ গানটি শুনতে শুনতে এবং দীর্ঘশ্বাস ফেলতে ফেলতে ঘুমিয়ে পড়া।
সকাল ১০টা
ঘুম থেকে উঠে ফেসবুকে লগ-ইন করা। সেখানে প্রেমিক-প্রেমিকাদের আদিখ্যেতা দেখে ‘ধ্বংসের পথে যুব সমাজ’—এই টাইপের স্ট্যাটাস দেওয়া। এরপর প্রস্তুতি সহকারে এলাকার গার্লস কলেজের উদ্দেশে যাত্রা শুরু করা।
বেলা ১টা
দশ গুণ দাম দিয়ে ফুল কিনে গার্লস কলেজের সামনে দাঁড়িয়ে থাকা। উদ্দেশ্য—তিন মাস ধরে চোখে চোখে কথা হওয়া মেয়েটির হাতে ফুল তুলে দেওয়া।
বেলা ৩টা
চোখে চোখে কথা হওয়া মেয়েটির বয়ফ্রেন্ডকে আবিষ্কার করা। তারপর সেই বয়ফ্রেন্ডের কাছেই অর্ধেক দামে ফুলগুলো বিক্রি করা।
বিকাল ৫টা
পার্কে বসে বাদাম খেতে খেতে কপোত-কপোতীদের ‘আদিখ্যেতা’ দেখা।
রাত ৮টা
নিজের অবস্থানে থেকে ভ্যালেন্টাইনস ডের চৌদ্দগুষ্টি উদ্ধার করা।
প্রেমিক যুবক
পাঁচ সেকেন্ড দেরিতে ফোন দেওয়ার কারণে প্রধান প্রেমিকার কাছ থেকে ঝাড়ি শুনতে শুনতে ভ্যালেন্টাইনস ডের শুরু।
টানা এক ঘণ্টা কথা বলার পর প্রধান প্রেমিকাকে কোনোমতে ম্যানেজ করে শাখা প্রেমিকাকে ফোন দেওয়া।
প্রধান প্রেমিকার সঙ্গে ডেটিংয়ের সময়ের সঙ্গে ভারসাম্য রেখে শাখা প্রেমিকার সঙ্গে ডেটিংয়ের সময় নির্ধারণ করা।
মায়ের কাছ থেকে ভার্সিটির অমুক ফি, তমুক ফি ইত্যাদি অজুহাতে যথেষ্ট পরিমাণ অর্থ আদায় করা এবং প্রস্তুতি নিয়ে ডেটিংয়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়া।
শাখা প্রেমিকার সঙ্গে রেস্তোরাঁয় বসে দুপুরের খাবার খাওয়া।
শাখা প্রেমিকার সঙ্গে ডেটিংয়ের সময় প্রধান প্রেমিকার ক্লোজ বান্ধবীর চোখে পড়া। তারপর তৃতীয় বিশ্বযুদ্ধের সম্মুখীন!
আম-ছালা দুটোই হারিয়ে এবং রবার্ট ব্রুসের মতো ধৈর্য ধারণ করে একনিষ্ঠ মনে বন্ধ হয়ে যাওয়া প্রধান প্রেমিকার ফোনে একনাগাড়ে ফোন করতে থাকা।
নিজের অবস্থানে থেকে ভ্যালেন্টাইনস ডের চৌদ্দগুষ্টি উদ্ধার করা।
ছ্যাঁকা খাওয়া যুবক
সাবেক প্রেমিকার ফেসবুক আইডিতে ঢুকে বিভিন্ন প্রোফাইল পিক দেখতে দেখতে স্মৃতি রোমন্থন।
সাবেক প্রেমিকার দেওয়া সব কটা দুষ্প্রাপ্য উপহারসামগ্রী বের করে পরিষ্কার করা।
‘বিদায় পৃথিবী’—এই বলে কয়েকটা ঘুমের ওষুধ (ভেজাল সম্পর্কে নিশ্চিত হয়ে) একসঙ্গে খেয়ে ঘুমানোর চেষ্টা।
ঘুম থেকে উঠে ‘আমি ক্যান বাইচা আছি!’ এই বলে কিছুক্ষণ হাউকাউ করা। এরপর সাবেক প্রেমিকার বাসার উদ্দেশে পা বাড়ানো।
সকাল থেকে দুপুর পর্যন্ত সাবেক প্রেমিকার জানালার দিকে প্রায় অপলক তাকিয়ে থাকা।
চোর সন্দেহে এলাকাবাসীর ধাওয়া খেয়ে কোনোমতে জান নিয়ে পালিয়ে আসা।
বাড়ি ফিরে দেবদাস চলচ্চিত্রের ভারতীয় এবং দেশি সংস্করণ নিয়ে ‘একক দর্শক চলচ্চিত্র প্রদর্শনী’র আয়োজন করা।
নিজের অবস্থানে থেকে ভ্যালেন্টাইনস ডের চৌদ্দগুষ্টি উদ্ধার করা।