ভালো আছে ফিলে
ধূমকেতুর পৃষ্ঠে ঠিকমতোই কাজ করছে ইউরোপীয় মহাকাশ সংস্থার (ইএসএ) রোবটযান ফিলে। বেশ কয়েক দিন নীরব থাকার পর গত শুক্রবার পৃথিবীর সঙ্গে যোগাযোগ স্থাপনের পর যন্ত্রটি থেকে এ তথ্য পাওয়া গেছে। সর্বশেষ যোগাযোগের ব্যাপ্তি ছিল ১৯ মিনিট। জার্মান অ্যারোস্পেস সেন্টার কর্তৃপক্ষ এ খবর প্রকাশ করেছে। ফিলে যেখানে রয়েছে, সেই ধূমকেতু (সিক্সটিসেভেনপি) এখন সূর্যের দিকে এগিয়ে যাচ্ছে। ইএসএর মূল নভোযান রোসেটা থেকে বিচ্ছিন্ন হয়ে ফিলে গত ১২ নভেম্বর ওই ধূমকেতুর পৃষ্ঠে অবতরণ করে। মহাকাশবিজ্ঞানের ইতিহাসে এটি ছিল এ ধরনের অভিযানে প্রথম সাফল্য। ভ্রাম্যমাণ গবেষণাগার হিসেবে ফিলে ওই ধূমকেতুর তথ্য-উপাত্ত সংগ্রহ করে পৃথিবীতে পাঠাচ্ছে। তবে সেখানে অবতরণের পর ফিলের ব্যাটারির শক্তি কমে আসায় পৃথিবীর সঙ্গে যোগাযোগবিচ্ছিন্ন হয়ে পড়েছিল। তবে দীর্ঘ কয়েক মাসের নীরবতার পর ১৩ জুন এটি আবার সাড়া দেয়। এএফপি।