ভালো-মন্দ মিলিয়ে আছেন প্রযুক্তিবাজারের শ্রমজীবীরা
কম্পিউটার ব্যবহারকারীর সংখ্যা বাড়ার সঙ্গে দেশে কম্পিউটার বাজারের সংখ্যাও গড়ে উঠেছে। বিক্রেতা, টেকনিশিয়ান ছাড়াও এসব বাজারে কাজ করেন উল্লেখযোগ্য পরিমাণ শ্রমজীবী মানুষ। ঢাকায় দেশের সবচেয়ে বড় কম্পিউটারের বাজার বিসিএস কম্পিউটার সিটি, এলিফ্যান্ট রোডের একাধিক বাজার, ইস্টার্ন প্লাজা ও মোতালিব প্লাজার মুঠোফোন বাজারে প্রায় সাত হাজার শ্রমজীবী মানুষ কাজ করেন। এসব বাজারে একদিকে নির্ধারিত আট ঘণ্টার বেশি কাজ করানোসহ অপ্রাপ্তবয়স্কদের দিয়ে কাজ করানোর ঘটনা ঘটে, অন্যদিকে কারিগরি কাজ শিখে দোকান বা সার্ভিস সেন্টারের সাধারণ কর্মজীবী থেকে দক্ষ টেকনিশিয়ান বা ব্যবসায়ী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার ঘটনাও রয়েছে।ঢাকার প্রযুক্তিবাজারগুলো সরেজমিনে ঘুরে দেখা যায়, প্রযুক্তিবাজারের শ্রমজীবীরা বেশির ভাগ ক্ষেত্রেই ন্যায্য ও প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। যেকোনো সময় চাকরি থেকে ছাঁটাই, বাড়তি কাজের মজুরি না দেওয়ার ঘটনা ঘটছে। বেশির ভাগ ক্ষেত্রেই শ্রম অধিকার আইন অনুযায়ী দৈনিক আট ঘণ্টা কাজ করানোর নিয়ম মানা হয় না। অবসরকালীন ভাতা-সুবিধাও নেই। এই বাজারগুলোতে সপ্তাহে এক দিন ছুটি দেওয়া হলেও বাকি অর্ধদিবস ছুটি দেওয়া হয় না বললেই চলে। আবার এসব অসুবিধার উল্টো চিত্রটাও পাওয়া গেছে প্রযুক্তিবাজারে। অদক্ষ কর্মীরা প্রযুক্তিপণ্য বিক্রেতা প্রতিষ্ঠানে এসে প্রযুক্তিতে দক্ষ হয়ে উঠছেন। কম্পিউটার সংযোজন করাও শিখে যাচ্ছেন অনেকে।তথ্যপ্রযুক্তি ব্যবসা খাতের সংগঠন বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) সভাপতি মোস্তাফা জব্বার বলেন, ‘প্রতিটি প্রতিষ্ঠানের উচিত আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়া ও তা মেনে চলা। বিসিএসের সব সদস্য শ্রম অধিকার আইন মেনে চলার চেষ্টা করেন।’ তিনি বলেন, ‘মানবিক দিক ও শিশুশ্রম আইন ভঙ্গ করে কিছু দোকানে শিশুরা স্বেচ্ছায় কাজ করে। অনেক শিশু আছে, যারা এখানে কাজ শুরু করে আজ এই শিল্পে ভালো বেতনে কাজ করছে।’‘মা-বাবাই এহানে কাজ করতে পাঠাইছে’ জানায় ১৪ বছরের হাফিজ হোসেন। এলিফ্যান্ট রোডের একটি প্রতিষ্ঠানে কর্মরত শিশুশ্রমিক হাফিজ বলে, ‘আস্তে আস্তে ভালো কাজ করতে পারলে মালিক তখন বেতন দেবে। ইস্টার্ন প্লাজায় মুঠোফোন বাজারের কয়েকজন শ্রমজীবী জানান, তাঁরা ঝুঁকিপূর্ণ ও খোলা পরিবেশে মুঠোফোন মেরামত করছেন। কারণ হিসেবে তাঁরা জানান, বাংলাদেশে মুঠোফোন মেরামত বা সার্ভিসিং করার জন্য এর চেয়ে ভালো কোনো উপায় নেই। তাই তাঁদের বৈদ্যুতিক শক খাওয়াসহ বিভিন্ন ঝুঁকি নিয়ে কাজগুলো করতে হচ্ছে।বিসিএস কম্পিউটার সিটির সভাপতি মজিবুর রহমান বলেন, ‘এই বাজারে শিশুশ্রমের আওতায় ১৫ বছরের কম বয়সী কাউকে যাতে কাজে নিয়োগ দেওয়া না হয়, সে ব্যাপারে কম্পিউটার বাজারের সব দোকানমালিককে নির্দেশ দেওয়া আছে। আমাদের শ্রমিকদের নিয়োগ দেওয়ার সময় বলে দেওয়া হয়, দোকান খোলা থেকে বন্ধ হওয়া পর্যন্ত কাজ করতে হবে। তাই এখানে নিয়ম ভঙ্গ করার কিছু নেই।শ্রমিকদের কর্মঘণ্টার ব্যাপারে আইনজীবী তানজিম-আল-ইসলাম বলেন, শ্রম আইন অনুযায়ী কোনো শ্রমিককে যদি আট ঘণ্টার বেশি কাজ করানো হয়, তবে তাঁকে অতিরিক্ত কাজের মজুরি দিতে হবে। শ্রম অধিকার আইন ২০০৬ অনুযায়ী, অভিভাবক, শিশুর সম্মতি ও ডাক্তারি বয়স শনাক্তকরণের প্রমাণপত্র থাকলে ১৪-১৬ বছর বয়সের শিশুশ্রমিক কাজ করতে পারবে। তিনি বলেন, ১৪ বছরের কম বয়সী শিশুরা অভিভাবক, শিশুর সম্মতি ও ডাক্তারি বয়স শনাক্তকরণের প্রমাণপত্র থাকলেও শ্রমিক হিসেবে কাজ করতে পারবে না। —তারিকুর রহমান খান