
মো. আসাদুজ্জামান সুবহানী, অধ্যক্ষ, ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ, ঢাকা
ভালো ফলাফলের জন্য পরীক্ষার খাতায় ভালো উপস্থাপনা জরুরি। ভালো উপস্থাপনা বলতে পরীক্ষার খাতার পরিচ্ছন্নতা, নির্ভুল, মানসম্মত ও যথাযথ উত্তর লেখাকেই বোঝায়। প্রশ্নপত্র পাওয়ার পর প্রতিটি প্রশ্ন ভালো করে পড়ে বুঝে নিয়ে নির্ভুলভাবে উত্তর দেবে। কোন কোন প্রশ্নের উত্তরগুলো লিখবে সেটি নির্বাচন করে নেবে লেখা শুরুর আগে। সম্ভব হলে প্রশ্নপত্রের ক্রম অনুযায়ী উত্তর লিখবে; এতে পরীক্ষকের উত্তরপত্র মূল্যায়ন সহজ হয়। আত্মবিশ্বাস নিয়ে সব প্রশ্নের উত্তর লেখা শেষ করবে।
প্রতিটি উত্তর শেষ হলে সরল রেখার সমাপ্তিচিহ্ন দিতে হবে। হাতের লেখা অবশ্যই স্পষ্ট এবং সুন্দর হতে হবে। উত্তরপত্রে বেশি কাটাকাটি করবে না। লেখার কোনো অংশ কাটতে হলে তা এক টানে কাটতে হবে। প্রয়োজন অনুযায়ী লিখিত উত্তরের সঙ্গে প্রাসঙ্গিক উদ্ধৃতি, চার্ট, চিত্র, ডায়াগ্রাম ইত্যাদি ব্যবহার করবে। মনে রাখবে, পরীক্ষার খাতায় ভালো উপস্থাপনাই বেশি নম্বর পেতে সহায়তা করে।