ভালোবাসার দিনে সুন্দরবনের প্রতি ভালোবাসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ব ভালোবাসা দিবসে প্রাণ খুলে সুন্দরবনকে ভালোবাসল নীলফামারীর সৈয়দপুরের মানুষ। প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনে সুন্দরবনের পক্ষে ভোট সংগ্রহের প্রচারণা গতকাল সোমবার থেকে শুরু হলো এ শহরে। এ উপলক্ষে হাজার হাজার মানুষের ঢল নেমেছিল শহরের প্রধান প্রধান সড়কে, এদিন ছিল সুন্দরবন দিবসও। বর্ণাঢ্য শোভাযাত্রা, সমাবেশ, প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান, ইন্টারনেট ও মুঠোফোনে সুন্দরবনকে ভোট দেওয়া ঘিরে অন্য রকম উৎসব আমেজ লক্ষ করা গেছে। এসব কর্মসূচির আয়োজন করে সৈয়দপুরের সুন্দরবন দিবস উদ্যাপন কমিটি ও সুন্দরবন একাডেমি।সুন্দরবন এখন বিশ্ব ঐতিহ্য। শতবর্ষী সৈয়দপুর পাইলট উচ্চবিদ্যালয় চত্বরে হাজারো মানুষের ভিড়ে ওই স্লোগান প্রতিধ্বনিত হয়। এ আয়োজনের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম ওবায়দুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সৈয়দপুর কলেজের অধ্যক্ষ হাফিজুর রহমান, সাপ্তাহিক আলাপন-এর সম্পাদক আমিনুল হক, সাবেক পৌর চেয়ারম্যান মো. বখতীয়ার কবির, জাতীয় মহিলা সংস্থা নীলফামারী জেলা শাখার চেয়ারম্যান রাবেয়া আলিম, অধ্যাপক সাখাওয়াত হোসেন ও সৈয়দপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম।আলোচনা সভায় সভাপতিত্ব করেন সুন্দরবন দিবস উদ্যাপন কমিটির আহ্বায়ক এম আর আলম। এ সময় ‘সুন্দরবন দিবস’ প্রতিপাদ্য উপস্থাপন করেন কমিটির সদস্যসচিব মোখলেসুর রহমান। গোটা অনুষ্ঠান পরিচালনা করেন দৈনিক সমকাল-এর সৈয়দপুর প্রতিনিধি সাকির হোসেন। সুন্দরবনের পক্ষে শোভাযাত্রায় অংশ নেয় লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ, সানফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, তুলশিরাম বালিকা উচ্চবিদ্যালয় ও সৈয়দপুর পাইলট উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ ছাড়া এনজিও ফোরাম, প্রথম আলো সৈয়দপুর বন্ধুসভা, নাগরিক কমিটিসহ স্থানীয় সুধীজন শোভাযাত্রায় অংশ নেন। শোভাযাত্রায় বহন করা প্ল্যাকার্ডে সুন্দরবনকে বেশি বেশি করে ভোট দিয়ে প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনে সবার সহযোগিতা কামনা করা হয়।সবশেষে প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও সুন্দরবনকে ইন্টারনেট ও মুঠোফোনের মাধ্যমে ভোট দেওয়ার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি। —সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি