ভালোবাসার বারান্দা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভালোবাসার বারান্দা
ভালোবাসার বারান্দা

বারান্দায় দাঁড়ালে সামনের বাড়ির বারান্দাটি চোখে পড়ে। প্রায় বিকেলে একটি মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখতাম বারান্দায়। সুন্দর টানা টানা চোখ। হাসি দেখে যেন শত কাব্য রচনা করা যায়। চুল, তার কথা আর কী বলব! জীবনানন্দ দাশ বেঁচে থাকলে তার চুল দেখে কী কবিতা রচনা করতেন, তা-ই ভেবে পাই না। আমি বরাবরই ছিলাম অন্য রকম। নিজের মতো করে চলতে ভালোবাসতাম। বারান্দায় তো তেমন একটা যাওয়াই হতো না। কিন্তু ইদানীং বারান্দাটাই যেন আমার সব। ফেসবুকিং বাদ, বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়া বাদ, কেবল সারা দিন একটি বই নিয়ে বারান্দায় পড়ে থাকতাম। বইয়ের পাতায় চোখ রাখলে আড়ালে মেয়েটিকে দেখতাম। মেয়েটিও মাঝেমধ্যে আড় চোখে আমাকে দেখত। চোখে চোখ পড়লে ভয়ে আমার বুক কেঁপে উঠত। এটা ভালোবাসা থেকে কি না, কে জানে। মেয়েটি বৃষ্টি ছুঁয়ে দেখত, আমি তাকে তাকিয়ে দেখতাম। বিনি সুতোয় গাঁথা না-বলা ভালোবাসা নিয়ে এভাবেই কাটছিল আমার দিনগুলো। কিন্তু হঠাৎ একদিন বিকেলে দেখি, বারান্দাটা শূন্য। সন্ধ্যা পর্যন্ত দাঁড়িয়ে থেকেও মেয়েটিকে দেখতে পেলাম না। বুকের মধ্যে চিনচিনে ব্যথা অনুভব করলাম। ভাবলাম, হয়তো বেড়াতে গেছে অথবা শরীর খারাপ। কিন্তু তিন-চার দিন দেখা না পাওয়ার পর সাহস করে একদিন সেই ফ্ল্যাটে গেলাম। দরজায় তালা লাগানো ছিল, তাই পাশের ফ্ল্যাটের একজন ভদ্রলোককে জিজ্ঞেস করতেই বললেন, ‘ওনারা তো বাসা পাল্টে চলে গেছেন।’ কোথায় গেছেন জানতে চাইলে বললেন, ‘কিছু জানি না।’ বুকটা শূন্য হয়ে গেল পুরোপুরি।
সোহানুর রহমান
ঢাকা।