ভাষা আন্দোলনের ইতিহাস নিয়ে অ্যাপ

ভাষা আন্দোলনের ইতিহাসকে অগমেনটেড রিয়্যালিটির মাধ্যমে উপস্থাপনা করতে ‘১৯৫২’ নামের একটি অ্যাপ তৈরি করছে রাইজ আপ ল্যাবস। এটি বাংলাদেশি অ্যাপ নির্মাতা প্রতিষ্ঠান।
রাইজ আপ ল্যাবসের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দুই টাকার নোটকে কেন্দ্র করে অগমেনটেড রিয়্যালিটিতে তৈরি করা হয়েছে অ্যাপটি। ভাষা আন্দোলনের সচিত্র বর্ণনা অ্যানিমেশনের মাধ্যমে অ্যাপে ফুটিয়ে তোলা হয়েছে।
তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ গতকাল সোমবার অ্যাপটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন। অ্যাপটি প্রসঙ্গে জুনাইদ আহমেদ বলেন, ‘তরুণ প্রজন্মকে ভাষা আন্দোলনের শিক্ষা প্রদানের উদ্ভাবনী চেতনা রয়েছে অ্যাপটিতে। এর মাধ্যমে দেশের ১ লাখ ৭০ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানের ৪ কোটি ২৭ লাখ শিক্ষার্থীর কাছে ভাষা আন্দোলনের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরা সম্ভব।’
রাইজ আপ ল্যাবসের প্রতিষ্ঠাতা ও নির্বাহী কর্মকর্তা এরশাদুল হক বলেন, অগমেনটেড রিয়্যালিটিতে তৈরি ‘১৯৫২’ নামের অ্যাপটি ব্যবহার করে ভাষা আন্দোলনের তথ্য জানা যাবে।
গুগল প্লেস্টোর থেকে অ্যাপটি বিনা মূল্যে ডাউনলোড করা যাবে।