
আমার বন্ধু নাজমুলের সঙ্গে কোথাও যাওয়া বেশ বিপজ্জনক। তারপরও ওকে ফেলে কোথাও যেতে ইচ্ছে করে না। বিপদেই তো বন্ধুর পরিচয়! একটা বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলাম তার সঙ্গে। হঠাৎ চেয়ার থেকে উঠে পুরো অডিটোরিয়ামে কী যেন খুঁজতে লাগল সে। কিছুক্ষণ পর আবার চেয়ারে বসতেই চাপা কণ্ঠে ঝাড়ি দিলাম ওকে, ‘কিরে, সাদাপোশাকের পুলিশের মতো ঘুরছিস কেন? সমস্যা কী?’
: নেই। কোথাও পেলাম না।
: কী পেলি না? টয়লেট?
: আরে না। বিদেশি কাউকে খুঁজে পেলাম না।
: বর-কনে দুজনেই বাংলাদেশি বাই বর্ন! এখানে বিদেশি আসবে কোত্থেকে?
: তাহলে বিয়ের কার্ড ইংরেজিতে কেন? আমি তো ভেবেছি অনেক বিদেশি অতিথি আসবে, তাদের জন্য ইংরেজিতে কার্ড করা হয়েছে। নইলে দেশি বিয়ের কার্ডের ভাষা বিদেশি কেন?
: বিয়ে একটা ফরমাল ব্যাপার। এ জন্য হয়তো ইংরেজিতে কার্ড করে। তুই না বুঝলে বল, অনুবাদ করে দেব।
: বুঝব না কেন? ইংরেজিতে আমি এ প্লাস পেয়েছি। কিন্তু ফরমাল হলে ইংরেজি লিখতে হবে কেন, তা বুঝলাম না। আমার একমাত্র মেয়ের সঙ্গে অমুকের একমাত্র ছেলের বিয়ে, অমুক জায়গায়। আপনারা আসবেন, খাবেন, চলে যাবেন—এসব বাংলায় লেখা যায় না?
: অবশ্যই যায়। তোর বিয়েতে তুই বাংলায় লিখিস। এখন চুপচাপ বসে থাক। ওই চেয়ে দেখ, রোস্ট আসছে।
নাজমুলকে রোস্টের কথা বলে থামিয়ে দিয়েছিলাম ঠিকই, কিন্তু প্রশ্নের উত্তরটা আজও দিতে পারিনি। আসলেই তো, ‘ফরমাল’ কি বাংলায় হতে পারে না? ‘ফরমাল’ কোনো কথা লিখতে গেলেই কেন ইংরেজিকেই বেছে নিতে হবে? অফিসে ছুটির দরখাস্ত, বিশ্ববিদ্যালয়ে সার্টিফিকেট তোলা কিংবা ভর্তির আবেদন—এসব ইংরেজিতে লিখতে হবে কেন? ইন্টারনেট থেকে সহজে কপি করা যায় বলে? শুধু তো বিয়ের কার্ড নয়। আইডি কার্ড, ভিজিটিং কার্ড, বাড়ির নামফলক, কবরের নামফলক, দোকানের সাইনবোর্ড, ব্যানার, লোকাল বাসের নাম, এমনকি ভালোবাসার কথা লিখতে গেলেও মানুষ কেন যেন ইংরেজিকেই বেছে নেয়। পার্ক কিংবা বিভিন্ন পাবলিক টয়লেটে গেলেই দেখা যায় এর নমুনা । ইংরেজিতে গাছের গায়ে লেখা ‘অমুক+তমুক’।
ভিজিটিং কার্ডের প্রসঙ্গেও কিছু বলা উচিত। যেহেতু জাতীয় জীবনে এই কার্ডের গুরুত্ব অপরিসীম (ফুটপাতের ঝালমুড়ি বা চানাচুর খাওয়ার ক্ষেত্রে ভিজিটিং কার্ড চামচ হিসেবে ব্যবহৃত হয়)। নাম, ঠিকানা, ফোন নম্বর এসবই ভিজিটিং কার্ডের মূল আলোচ্য বিষয়। সাধারণত এসবও ইংরেজিতেই লেখা হয়। আমরা নিয়মিত যে মুরগি বিক্রেতার কাছ থেকে দেশি মুরগি কিনি, তার ভিজিটিং কার্ডও ইংরেজিতে। তার দোকানের অধিকাংশ ক্রেতাই বাংলাদেশি। তবু ইংরেজিতে কার্ড কেন? মুরগি কেনাবেচার সময় সবাই তো দেশিটাই চায়, কিন্তু কার্ডের ভাষা নির্বাচনের বেলায় বিদেশি! ইংরেজি কার্ডে বোধ হয় খরচ কম!
ইংরেজি ভাষার সঙ্গে আমার কোনো বিরোধ নেই (নাজমুলের মতো ইংরেজিতে এ প্লাস হয়তো পাইনি, কিন্তু ‘এ’ তো পেয়েছি)। এটাও বলছি না যে ইংরেজিকে পরিত্যাগ করে ‘জনাব, আমি কি কেদারায় বসতে পারি’ টাইপ প্রমিত বাংলা ভাষায় যোগাযোগ করতে। ইংরেজি একটা আন্তর্জাতিক ভাষা। উচ্চশিক্ষায় লেখাপড়ার মাধ্যমও ইংরেজি। তো এই ভাষা জানা প্রয়োজন। কিন্তু সমস্যা হলো প্রয়োজন ছাড়াই ইংরেজির ব্যবহার (যা আমাদের আরজে-ভিজেরা নিয়মিত করেন)।
কিছুদিন আগে চাকরির বিজ্ঞাপন দেখে ইন্টারনেট থেকে কপি-পেস্ট না করে, নিজেই বাংলায় একটা ‘জীবনবৃত্তান্ত’ লিখেছিলাম। পাঠানোর আগে আমার এক বিশেষজ্ঞ বড় ভাই বললেন, ‘বাংলায় লিখলে তোমার সিভি কেউ দেখবে কি না সন্দেহ আছে।’
: কেন ভাই? বিজ্ঞাপনে বলেছে সিভি দিতে। বাংলা, না ইংরেজি, সে বিষয়ে তো কিছু বলে নাই।
: বলে নাই, তারপরও...সাধারণত সিভি ইংরেজিতে দেওয়াই নিয়ম। তা ছাড়া সব প্রতিষ্ঠানেরই নিজস্ব পলিসি থাকে। ঝামেলা করার দরকার কী? ইংরেজিতেই দাও।
আমার বন্ধু নাজমুল হলে নিশ্চয়ই এখানে প্রশ্ন করত। এই নিয়মটা বানাল কারা? তারা কি বাংলাদেশি? আর প্রতিষ্ঠানের পলিসি আমরা জানব কীভাবে? আমরা তো ওই প্রতিষ্ঠানে কাজ করি না...ইত্যাদি। চাকরির কথা বাদ দিলাম, বিয়ের পাত্রপাত্রীর সিভিও কিন্তু ইংরেজিতেই লেখা হয়। সবাই হয়তো ধরেই নিয়েছে জীবনবৃত্তান্ত জিনিসটা বাংলায় লিখলে ব্যাপারটা ঠিক ‘স্মার্ট’ হয় না।
কেউ ঠুসঠাস ইংরেজি বললেই কিছু মানুষ মনে করে, ‘আরে বাহ্, লোকটা তো দারুণ স্মার্ট, পটাপট ইংরেজি বলে!’ কী বললেন, সেটা বড় কথা নয়, ইংরেজি বলেছেন, সেটাই বড়। ভাষার মধ্যেও কি তাহলে স্মার্ট-আনস্মার্ট ব্যাপার আছে? আমাদের এফএম রেডিওর আরজে কিংবা টেলিভিশনের উপস্থাপকেরা বোধ হয় তা-ই মনে করেন। কোনো কারণ ছাড়াই বাংলার ভেতরে ইংরেজি শব্দ চিবিয়ে চিবিয়ে বলেন। এফএম রেডিওগুলোয় বোধ হয় আরজেদের বিনা মূল্যে চুইংগাম সরবরাহ করা হয়।
তবে ইংরেজির এই ব্যাপক ব্যবহারের ভালো দিকও আছে। সর্বস্তরের মানুষ আজকাল কোনো না কোনো ইংরেজি বলছে। তৈরি হচ্ছে নতুন নতুন শব্দ। চট্টগ্রামের এক রিকশাচালক ভাড়া নিয়ে তর্কাতর্কির একপর্যায়ে বললেন, ‘মাত্র ২০ ট্যাকা ভাড়া দিলেন, মামা? এইডা বেলিগ্যাল হইল।’
‘লিগ্যাল’ একটা ইংরেজি শব্দ, তার সঙ্গে বাংলা ‘বে’ মিলে তৈরি হয়েছে ‘বেলিগ্যাল’। মানে যেটা লিগ্যাল নয়।
ভাষার মাসে ভাষা নিয়ে ভাসা-ভাসা কিছু কথা লিখলাম, এটা আবার কারও কাছে ‘বেলিগ্যাল’ হয়ে যাবে কি না কে জানে!