ভাষার টাইমমেশিনে চেপে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু বর্তমান প্রজন্মের লেখকেরা বাংলাতেই সাহিত্য রচনা করেছেন, করছেন। তবে যুগে যুগে ভাষায় পরিবর্তন এসেছে। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে নিশ্চয়ই। তাহলে কেমন হবে ২০৫০ সালের সাহিত্যের ভাষা? ভাষার টাইমমেশিনে চেপে সেটাই বোঝার চেষ্টা করেছে রস+আলো (এ ক্ষেত্রে আদর্শ ধরা হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘হৈমন্তী’ গল্পটি)।
বিদ্যাসাগর লিখতেন
কন্যার পিতৃদেব ধৈর্যধারণ করিলেও তথাপি বরের পিতৃদেবের ঈদৃশ্য কোনোরূপ অভিসন্ধি নাই। তদীয় বিবেচনায় ক্ষণকাল অপেক্ষা করিয়া কার্য সম্পাদন বিলম্ব হইলে কন্যার নবমালিকা কুসুমকোমলা অবস্থার বিচ্যুতি ঘটিবে। সুতরাং বিবাহকার্য সুসম্পন্ন করিয়া দূরদৈবশান্তি প্রাপ্তি অত্যাবশ্যকীয় কর্ম হইয়া দাঁড়াইয়াছে। তন্মধ্যে পণের অর্থ নিয়া বিচলিত হইবার মতন ব্যাপারও গোচরে আনা আবশ্যক। তাই ক্ষণকাল অপেক্ষার সুযোগ নাই।...
রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন
কন্যার বাপ সবুর করিতে পারিতেন, কিন্তু বরের বাপ সবুর করিতে চাহিলেন না। তিনি দেখিলেন, মেয়েটির বিবাহের বয়স পার হইয়া গিয়াছে, কিন্তু আর কিছুদিন গেলে সেটাকে ভদ্র বা অভদ্র কোনো রকমে চাপা দেবার সময়টাও পার হইয়া যাইবে। মেয়ের বয়স অবৈধ রকমে বাড়িয়া গেছে বটে, কিন্তু পণের টাকার আপেক্ষিক গুরুত্ব এখনো তাহার চেয়ে কিঞ্চিৎ উপরে আছে, সেই জন্যই তাড়া।...

এখনকার লেখক যেভাবে লিখছেন
মেয়ের বাবা হয়তো অপেক্ষা করতেই পারতেন। কিন্তু ছেলের বাবা করতে চান না। মেয়ে বিশ্ববিদ্যালয়ের পাট চুকিয়েছে, তাই বিয়েতে আর দেরি করা ঠিক হবে না। মেয়ের চেহারায় এখনো বয়সের ভাঁজ অতটা টের পাওয়া যায় না। কিছুদিন গেলে হয়তো মুটিয়ে যেতে পারে। তা ছাড়া এখন বিয়ে হলে ছেলের বিদেশে যাওয়ার নাম করে বেশ মোটা অঙ্কের যৌতুক পাওয়া যাবে।...

ভবিষ্যতের লেখক যেভাবে লিখবেন
টুইংকেল গার্লের পাপা ওয়েট করলেও আমাদের ইয়ো ইয়ো পো ব্রোর ড্যাডি একদমই ওয়েট করবেন না। লুল! ওনার মেজাজ খুব খ্রাপ। ওদের ওয়েডিংটা দেওয়ার জন্য উনি পুরাই অস্থির হয়ে আছেন। হি ইজ সো ম্যাড অ্যান্ড ক্রেজি ফর দিস। অ্যান্ড ইউ নো, টুইংকেল গার্ল থার্টি ক্রস করলেও এখনো হ্যাব্বি স্লিম। কিন্তু কিছুদিন পর হয়তো আর ডায়েট করতে পারবে না। তখন আর জোশ লাগবে না। তা ছাড়া এখন বিয়ে হলে বিজনেসের কথা বলে ইয়ো ইয়ো পোর ড্যাডি অন্নেকগুলা টাকা নিতে পারবে।...