ভাসানী বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে প্রযুক্তি উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গতকাল বুধবার শুরু হয়েছে প্রযুক্তি উৎসব। ‘এডুমেকার-প্রথম আলো টেকনো ফেস্টিভ্যাল-২০১১’ শীর্ষক উৎসবের উদ্বোধন করেন বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান। এ সময় তিনি বলেন, তথ্যপ্রযুক্তি খাতে দেশে-বিদেশে অনেক কাজের সুযোগ রয়েছে। এ সুযোগ কাজে লাগাতে পারলে দেশ অনেক এগিয়ে যাবে।বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম নুরুল ইসলামের সভাপতিত্বে মওলানা ভাসানীর ঐতিহাসিক দরবার হলে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সহ-উপাচার্য মো. মনিরুজ্জামান, টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাহবুব আলম, টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রশিদ, আইসিটি মন্ত্রণালয়ের পরামর্শক মুনির হাসান, এডুমেকারের ফাবিয়ান খান, উৎসব কমিটির আহ্বায়ক মো. আহসান হাবিব প্রমুখ বক্তব্য দেন।অনুষ্ঠানের আগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ প্রদক্ষিণ করে। পরে আইসিটি প্রতিমন্ত্রী বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত সাইবার কেন্দ্র উদ্বোধন করেন। বিকেলে দুটি সেমিনার অনুষ্ঠিত হয়। ‘বেয়ন জেনমিক্স’ শীর্ষক সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুজীববিজ্ঞান বিভাগের অধ্যাপক হাসিনা খান। ‘ওপেন সোর্স সফটওয়্যার টেকনোলজি’ শীর্ষক সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাজেদুর রহমান জোয়ার্দার।প্রযুক্তি উৎসবে তথ্যপ্রযুক্তির নানা আয়োজন রাখা হয়েছে। মো. আহসান হাবিব জানান, সকালে তথ্যপ্রযুক্তি কুইজ প্রতিযোগিতায় ৫৫০ জন এবং বিকেলে সাইবার গেম প্রতিযোগিতায় ২০০ জন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থী অংশ নেন। আজ বৃহস্পতিবার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রোগ্রামিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। —কামনাশীষ শেখর, টাঙ্গাইল প্রতিনিধি