ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় প্রণীত টেলিযোগাযোগ খাতের খসড়া ভ্যালু অ্যাডেড সার্ভিস (ভ্যাস) নির্দেশনা দ্রুত বাস্তবায়ন করার দাবি জানিয়েছে দেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের ছয়টি সংগঠন। টেলিযোগাযোগ খাতে বিশেষ করে কথা বলা ছাড়া মোবাইল ফোনের মাধ্যমে দেওয়া নানারকম সেবা প্রদান বিষয় এই খসড়া নীতিমালা প্রণয়ন করা হয়েছে।নীতিমালার বাস্তবায়ন চেয়েছে বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস), বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস), ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি), বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কল সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্য), বাংলাদেশ মোবাইল ফোন ইমপোটার্স অ্যাসোসিয়েশন (বিএমপিআইএ) ও কনটেন্ট প্রোভাইডরস অ্যান্ড অ্যাগ্রিগেরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (সিপিএএবি)। চলতি বছরের ৩১ জানুয়ারি এ খসড়া গাইডলাইনটি প্রণয়ন করা হয়। ‘টেলিকম নেটওয়ার্কভিত্তিক দেশীয় অ্যাপ্লিকেশন ও স্থানীয় কনটেন্ট সার্ভিস বিকাশের জন্য প্রস্তাবিত রোডম্যাপ’ শীর্ষক সংবাদ সম্মেলনে টেলিযোগাযোগ ও প্রযুক্তি খাতের শীর্ষ ছয় সংগঠন এ দাবি জানায়। গতকাল বুধবার প্রেসক্লাবে আয়োজিত সংগঠনগুলোর যৌথ আয়োজনের এ অনুষ্ঠানে বক্তব্য দেন বিসিএসের সভাপতি মো. ফয়েজ উল্ল্যাহ খান, পরিচালক মোস্তাফা জব্বার, বেসিসের সভাপতি এ কে এম ফাহিম মাশরুর, আইএসপিএবির সভাপতি আক্তারুজ্জামান, বাক্যের সভাপতি আহমাদুল হক, বিএমপিআইএর সভাপতি মোস্তফা রফিকুল ইসলাম ও সিপিএএবির সভাপতি সাইফুল ইসলাম। সংগঠনগুলোর নেতৃবৃন্দ জানান, দেশে বর্তমানে প্রায় ২৫ হাজার কোটি টাকার মোবাইলসেবা বাজার রয়েছে। এ হিসেবে মোবাইল কন্টেন্ট ও অ্যাপ্লিকেশনের বাজার দুই হাজার ৫০০ কোটি টাকা হওয়া প্রয়োজন। অনুকূল পরিবেশ ও সুযোগ-সুবিধা পাওয়া গেলে আগামী দু-তিন বছরে এ বাজার পাঁচ হাজার কোটি টাকাও হতে পারে বলে দাবি করেন বক্তারা। অনুষ্ঠানে দেশের ভ্যাস শিল্প এবং এর সম্ভাবনা নিয়ে এ কে এম ফাহিম মাশরুর মূল বক্তব্য তুলে ধরেন। তিনি বলেন, ‘উন্নত ও উন্নয়নশীল দেশগুলোতে মোবাইলসেবার ১০ শতাংশ ভ্যাস। অথচ বাংলাদেশে এই পরিমাণদুই শতাংশ। কারণ, দেশে ভ্যাসের ব্যবহার এখনো রিংটোন ও ওয়ালপেপারের মধ্যেই সীমাবদ্ধ। অথচ শিক্ষা, স্বাস্থ্য, তথ্যসেবাসহ বিনোদনের ক্ষেত্রে এটিকে ব্যবহার করা গেলে কমপক্ষে এক লাখ মানুষের কর্মসংস্থান করা সম্ভব। এতে দেশের মেধাবী তরুণদের উদ্যোক্তা হওয়ার সুযোগ বাড়বে।’ মোস্তাফা জব্বার বলেন, ‘দেশের অন্যান্য শিল্পের মতো ভ্যাস খাতে কাঁচামাল আমদানির প্রয়োজন হবে না। বরং এ খাতের সেবা দেশের বাইরে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব।’ —জিয়াউর রহমান চৌধুরী