ভিডিও আর মোবাইলই এখন ফেসবুকের সব

মানুষের এখন আগ্রহ মোবাইল আর ভিডিওতেই বেশি। একথা স্বীকার করেছে সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুক। গতকাল সোমবার ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, ফেসবুকে দৈনিক একশো কোটিরও বেশি ভিডিও দেখা হয় আর এর ৬৫ শতাংশই দেখা হয় মোবাইল ফোন ব্যবহার করে।
বর্তমানে বিশ্বজুড়ে ফেসবুকে প্রতিমাসের হিসেবে সক্রিয় ব্যবহারকারী সংখ্যা ১৩২ কোটিরও বেশি এর মধ্যে মোবাইল থেকে সক্রিয় ব্যবহারকারী ১০০ কোটি।
এক ব্লগ পোস্টে ফেসবুক জানিয়েছে, ‘এ বছরের জুন মাস থেকে ফেসবুকে প্রতিদিন গড়ে ভিডিও দেখা হয়েছে একশো কোটিরও বেশি বার। ভিডিও দেখার এই গড় প্রবৃদ্ধি গত মে থেকে জুলাই পর্যন্ত ৫০ শতাংশ পর্যন্ত বেড়েছে। এর মধ্যে ৬৫ শতাংশ ভিডিও দেখা হয়েছে মোবাইল থেকে।’
ফেসবুকের ভিডিও বিভাগের প্রকল্প ব্যবস্থাপনা পরিচালক ফিজি সিমো এ প্রসঙ্গে জানান, ‘ভিডিও হচ্ছে মানুষের কাছে পৌঁছানোর এবং নিজের গল্প তুলে ধরার গুরুত্বপূর্ণ মাধ্যম। নিউজ ফিডে সরাসরি ভিডিও আপলোড করার বিষয়টি এখন গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন। এখন মানুষ আগের চেয়ে অনেক বেশি ভিডিও শেয়ার করছেন।’
ফেসবুক কর্তৃপক্ষ সম্প্রতি একটি ফিচার উন্মুক্ত করার ঘোষণা দিয়েছে যাতে ফেসবুক ভিডিও কতবার দেখা হয়েছে তা জানা যাবে।
ফিজি সিমো বলেন, এই নতুন ফিচারের সাহায্যে ভিডিও শেয়ার বাড়ার পাশাপাশি সবচেয়ে বেশি দেখা ভিডিওগুলো থেকে অন্য কেউ খুঁজে পাবেন সহজেই। এ বছর ফেসবুকে ভিডিও আপ করা ও দেখার প্রবণতা ব্যাপক হারে বেড়ে যাওয়ার কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।