ভিডিও কনফারেন্সই সব নয়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভিডিও কনফারেন্সিংয়ের সীমাবদ্ধতা রয়েছে।
ভিডিও কনফারেন্সিংয়ের সীমাবদ্ধতা রয়েছে।

ভিডিও কনফারেন্সিং প্রযুক্তি এখন দরকারি প্রযুক্তি হলেও এর ওপর প্রযুক্তিপ্রেমী উদ্যোক্তাদের অতিনির্ভরশীলতা ঠিক নয়। যুক্তরাজ্যের গবেষকেদের সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, ভিডিও কনফারেন্স সহজলভ্য হলেও প্রচলিত মুখোমুখি আলোচনার গুরুত্ব এখনো কমেনি।
লিংকন বিশ্ববিদ্যালয়ের গবেষক জিয়ালিন হার্ডউইক বলেন, ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে সময় ও অর্থ বাঁচার পাশাপাশি দূরত্বও কমে। কিন্তু জটিল কোনো তথ্য দেওয়ার ক্ষেত্রে বা ব্যবসায়িক চুক্তির ক্ষেত্রে যোগাযোগের উন্নত মাধ্যম হিসেবে সম্মুখ সাক্ষাতের বিষয়টি অধিক গুরুত্বপূর্ণ।
হার্ডউইক বলেন, কোনো সম্মেলনে নেটওয়ার্কিং কর্মসূচি ও ব্যবসায়িক কার্যকলাপের সময় অন্য পেশাদার ব্যক্তিদের সঙ্গে সাক্ষাতের দারুণ সুযোগ তৈরি হয়। যাতে প্রযুক্তি ও ভার্চ্যুয়াল জগতের তৈরি করা দূরত্বের অনুভূতি কমিয়ে আনতে সহায়তা করে।

মাঝারি ও ছোট আকারের ব্যবসায়ীদের তথ্য বিশ্লেষণ করে ওই গবেষণা করা হয়েছে। এতে উদ্যোক্তাদের জন্য পরামর্শ হিসেবে বলা হয়েছে, উদ্যোক্তাদের বিভিন্ন যোগাযোগের সফটওয়্যার ব্যবহারের সীমাবদ্ধতা ও সুবিধাগুলো বুঝতে হবে। নেটওয়ার্কিং প্রক্রিয়ায় ভিডিও কনফারেন্সের গুরুত্বও বুঝতে হবে।
গবেষক হার্ডউইক বলেন, সম্মুখ সাক্ষাৎ খরুচে মনে হলেও দীর্ঘমেয়াদে মূল্যবান সম্পর্ক গড়ে তোলার জন্য অধিক কার্যকর।
সম্প্রতি ব্রিটিশ অ্যাকাডেমি অব ম্যানেজমেন্ট প্রযুক্তিভিত্তিক উদ্যোগ নিয়ে অনুষ্ঠিত ‘২০১৬ হাই টেকনোলজি স্মল ফার্ম’ সম্মেলনে গবেষণার ফল জানানো হয়। তথ্যসূত্র : আইএএনএস।