ভিডিও গেম তৈরি করছে ভারত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভিডিও গেম তৈরির যুগে প্রবেশ করছে ভারত। ভারতের ইউটিভি গ্রুপ তিনটি ভিডিও গেম বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছে। জানা গেছে, গেম তিনটি তৈরি করতে ৫৫ লাখ রুপি বিনিয়োগ করা হয়েছে। তিনটি গেমের মধ্যে ইওয়ান শাদি নামের অ্যাকশন গেমটি চলতি বছরের শেষ দিকে বাজারে আসবে বলে জানা গেছে। ইউটিভি গ্রুপের চেয়ারম্যান রনি সেরেওয়ালা বলেন, ‘ভারতে ইতিমধ্যে ইউটিভি গ্রুপের একটি মুভি স্টুডিও এবং পাঁচটি টেলিভিশন চ্যানেল রয়েছে। এর পাশাপাশি আমরা আশা করছি ভিডিও গেম বাজারে সফল হব।’প্রতিষ্ঠানের এক কর্মকর্তা জানান, এখন প্রতিষ্ঠানটির মূল লক্ষ হচ্ছে গেম তিনটি পূর্ণাঙ্গভাবে তৈরি করা এবং তৈরি করার সময় কঠোর নিরাপত্তার মাধ্যমে গেমটি বাজারে ছাড়া। অ্যাকশন নতুন গেমটির ডিজাইনার জাপানি তাকেয়াসু সাওয়াকি যিনি এর আগে ওকামি নামের গেম তৈরি প্রতিষ্ঠানে কাজ করতেন। তবে রনি সেরেওয়ালা জানান, ভারতের ঐতিহ্য আর সংস্কৃতির বিষয়টি মাথায় রেখে গেম তৈরি হচ্ছে, যা ব্যবহারকারীদের ভালো লাগবে। এ ছাড়া ধীরে ধীরে বাড়তে থাকা তথ্যপ্রযুক্তি বাজারে এ গেম জনপ্রিয়তা পাবে বলেও মনে করছেন তিনি। কম্পিউটারের পাশাপাশি মোবাইল ফোনের উপযোগী করেও তৈরি করা থাকবে নতুন গেমগুলো যা ভারতের ক্রমবর্ধমান মোবাইল ফোনের বাজারে ব্যবহারকারীদের পছন্দের তালিকায় থাকবে এবং গেমারের সংখ্যা বাড়বে বলে মনে করছে প্রতিষ্ঠানটি। নতুন ভাবে ভিডিও গেমের প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকাটা কঠিনই হবে বলে মনে করছেন বাজার বিশেষজ্ঞরা। —বিবিসি অবলম্বনে নুরুন্নবী চৌধুরী