ভিডিও গেমের প্রযুক্তি প্রতিষ্ঠান কিনছেন জাকারবার্গ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অকুলাসের তৈরি ভারচুয়াল রিয়েলিটি হেডসেট
অকুলাসের তৈরি ভারচুয়াল রিয়েলিটি হেডসেট

এখনও কেনাকাটার ব্যাগ গুটিয়ে রাখেননি মার্ক জাকারবার্গ। ফেব্রুয়ারিতে এক হাজার ৯০০ কোটি মার্কিন ডলারে জনপ্রিয় মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ কেনার পর এবার ২০০ কোটি মার্কিন ডলারে কিনছেন ভিডিও গেমের জন্য ভারচুয়াল রিয়েলিটি হেডসেট নির্মাতা প্রতিষ্ঠান অকুলাস ভিআর।
আজ বুধবার ফেসবুকে এক পোস্টে এ তথ্য প্রকাশ করেছেন ফেসবুকের সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ।

জাকারবার্গ তাঁর পোস্টে লিখেছেন, আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমরা ভারচুয়াল রিয়েলিটি প্রযুক্তির ক্ষেত্রে এগিয়ে থাকা অকুলাস ভিআর প্রতিষ্ঠানটিকে অধিগ্রহণ করছি।’

জাকারবার্গ জানিয়েছেন, ‘ভারচুয়াল রিয়েলিটি প্রযুক্তিকে একসময় বৈজ্ঞানিক কল্পকাহিনি হিসেবেই মনে করা হতো। ইন্টারনেট, স্মার্টফোনও এক সময় বৈজ্ঞানিক কল্পকাহিনির বস্তুই ছিল। ভবিষ্যতে এমন সময় আসছে যে বৈজ্ঞানিক কল্পকাহিনির বিষয়গুলোকে আমরা বাস্তবে আনতে পারব। আমি অকুলাস দলটির সঙ্গে কাজ করতে মুখিয়ে রয়েছি এবং আমাদের সবার জন্য নতুন বিশ্ব দুয়ার খুলে দিতে প্রস্তুত রয়েছি।’


অকুলাস ভিআর এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো প্রযুক্তিপণ্য বাজারে ছাড়েনি। তবে ভারচুয়াল প্রযুক্তি সুবিধার হেডসেট তৈরি করেছে প্রতিষ্ঠানটি।
ভিডিও গেম খেলোয়াড় এ হেডসেট মাথায় পরে থ্রিডির ভারচুয়াল দুনিয়ায় বিচরণ করে বেড়াতে পারবে। অকুলাসের তৈরি ভারচুয়াল রিয়েলিটির প্রযুক্তি ভিডিও গেমের ক্ষেত্রে নতুন অভিজ্ঞতা দিতে পারে বলেই গবেষকেরা ধারণা করছেন।

এবার গেম নির্মাতা প্রতিষ্ঠানের দিকে ফেসবুক হাত বাড়ানোয় বাজার-বিশ্লেষকেরা ধারণা করছেন শিগগিরই ভিডিও গেমের ক্ষেত্রে ফেসবুক কাজ শুরু করতে পারে।
জাকারবার্গের ফেসবুক পোস্টের লিংক (https://www.facebook.com/zuck?fref=ts)