ভিডিও-দর্শক বাড়ানোর উপায় খুঁজছে ইয়াহু

আরও বেশি ভিডিও-দর্শক পেতে নতুন পদ্ধতি নিয়ে কাজ করছে অনলাইন সেবাদাতা প্রতিষ্ঠান ইয়াহু। ইয়াহু সাইটে ভিডিও-দর্শক বাড়ানো ও নতুন ভিডিও-অভিজ্ঞতা যুক্ত করার তথ্য জানিয়েছেন ইয়াহুর প্রধান নির্বাহী মারিসা মেয়ার।২০ জুন বার্তা সংস্থা রয়টার্স আয়োজিত রয়টার্স গ্লোবাল টেকনোলজি সামিটে ভিডিও প্রদর্শনের নতুন পদ্ধতির তথ্য জানিয়েছেন মারিসা।মারিসা মেয়ার জানিয়েছেন, বর্তমানে ইয়াহুর ভিডিও-দর্শক বেড়েছে। এতে আরও গতির সঞ্চার করতে কাজ করবে ইয়াহু।এদিকে প্রযুক্তি-বিশ্লেষকেরা জানিয়েছেন, ভিডিও নিয়ে আরও কাজ করতে ভিডিও সাইট হুলু কেনার পরিকল্পনা করছে ইয়াহু। তবে মারিসা এ-সংক্রান্ত কোনো তথ্য প্রকাশ করেননি।যুক্তরাষ্ট্রের প্রযুক্তি-বিশ্লেষকেরা জানিয়েছেন, ইয়াহুকে ঢেলে সাজাতে আরও বেশ কিছু পদক্ষেপ নিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী মারিসা মেয়ার। এর মধ্যেই তিনি ইয়াহুর বিভিন্ন সেবা ঢেলে সাজিয়েছেন। সামাজিক যোগাযোগের ক্ষেত্রে ইয়াহুকে শক্ত অবস্থানে নিয়ে যেতে টাম্বলারের মতো ব্লগিং প্ল্যাটফর্মকে কিনে নিয়েছেন।