ভিডিও দেখিয়ে কর্মীদের মন শান্ত করতে চায় আমাজন
আমাজনের গুদামঘরগুলোতে কর্মীদের জন্য ‘ওয়েলনেস চেম্বার’ তৈরির পরিকল্পনা করছে ই-কমার্স সেবাদাতা প্রতিষ্ঠানটি। উদ্দেশ্য হলো, মানসিক চাপে থাকা কর্মীরা যেন সেই চেম্বারের ভেতরে বসে ভিডিও দেখে মন শান্ত করতে পারেন।
টুইটারে পোস্ট করা ভিডিওতে আমাজন বলেছে, ‘আমাজেন’ নামের চেম্বারগুলো কর্মীদের নিজেদের মানসিক স্বাস্থ্যের প্রতি মনোযোগী হতে সাহায্য করবে। তবে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা উপহাস করতে শুরু করলে পোস্টটি মুছে ফেলা হয়।
বাজে কর্মপরিবেশের জন্য বারবার সমালোচিত হয়েছে আমাজন।
বিবিসি অনলাইনের প্রতিবেদনে বলা হয়েছে, কর্মীদের শারীরিক ও মানসিক কর্মকাণ্ডে যুক্ত করা, ভালো থাকার অনুশীলনে অংশগ্রহণ এবং স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তুলতে গত ১৭ মে ‘ওয়ার্কিংওয়েল’ নামের আরেকটি উদ্যোগের ঘোষণা দেয় আমাজন।
আমাজেন বুথগুলোর ব্যাপারে প্রতিষ্ঠানটি বলেছে, কাজের ফাঁকে কর্মীরা আমাজেন বুথে গিয়ে সংক্ষিপ্ত ভিডিও দেখতে পারবে। সেখানে ‘ভালো থাকার অনুশীলন, মেডিটেশন, ইতিবাচকতা বাড়ানো এবং মন শান্ত করার’ ভিডিও থাকবে।
টুইটারের সেই মুছে ফেলা ভিডিওতে দেখা যায়, আমাজেন বুথে বড় জোর একটি চেয়ার এবং ছোট একটি কম্পিউটার টেবিল কোনোমতে আঁটানো যাবে। তাতে কিছু গাছপালাও রাখা ছিল। আর ওপরের অংশে আঁকা থাকবে আকাশ ও মেঘের ছবি। অবশ্য তথ্যপ্রযুক্তি ভিত্তিক সংবাদ পোর্টাল মাদারবোর্ড চেম্বারগুলোকে ‘আমাজনের গুদামঘরের মাঝখানে কফিনের আকারের বুথ’ হিসেবে উল্লেখ করেছে।
অনেক টুইটার ব্যবহারকারী আমাজনের মুছে ফেলা ভিডিওটি তাদের অ্যাকাউন্ট থেকে শেয়ার করে সেটির সমালোচনা করতে শুরু করেন। কেউ ‘কান্নার বুথ’, আবার কেউ বাজে কর্মপরিবেশের উল্লেখ করেছেন।