ভিডিও সম্মেলনে জনগণের মুখোমুখি পঞ্চগড়ের কর্মকর্তারা
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার দেবীডুবা ইউনিয়নের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ ভিডিও সম্মেলনের মাধ্যমে জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তাদের কাছে নানা প্রশ্ন তুলে ধরে। জেলা পর্যায়ের কর্মকর্তারাও এসব প্রশ্নের জবাব দেন। বেসরকারি উন্নয়ন সংস্থা আরডিআরএস জেলা ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় গতকাল বুধবার দুপুরে এই অনুষ্ঠানের আয়োজন করে। ‘সরকারি সেবায় দরিদ্র জনগণের প্রবেশাধিকার: বিদ্যমান সমস্যা ও করণীয়’ বিষয়ে এই ভিডিও সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনের উদ্বোধন করেন পঞ্চগড়ের জেলা প্রশাসক বনমালী ভৌমিক। এতে স্বাগত বক্তব্য দেন আরডিআরএসের অনুষ্ঠান ব্যবস্থাপক জেবা আফরোজা। সম্মেলনকক্ষে জেলা প্রশাসকসহ উপস্থিত ছিলেন জেলা পর্যায়ের কর্মকর্তারা। অন্যদিকে দেবীগঞ্জ উপজেলার দেবীডুবা ইউনিয়নের মির্জা গোলাম হাফিজ বালিকা বিদ্যালয়ের মাঠে ছিল ওই এলাকার মানুষ। অমলেশ চন্দ্র জেলা প্রশাসকের কাছে খাসজমি বন্দোবস্ত পাওয়ার নিয়ম সম্পর্কে জানতে চান। জেলা প্রশাসক জানিয়ে দেন নিয়মকানুন। এ ছাড়া স্বাস্থ্যসেবার বিষয়ে সিভিল সার্জন ইমারউদ্দিন কায়েস, সমাজসেবা কর্মকর্তা মো. শহিদুল হক, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক জালালুম বাইদ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মোজাম্মেল হোসেন ও কৃষি কর্মকর্তা বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। —শহীদুল ইসলাম, পঞ্চগড়