
৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গত শুক্রবার রাত থেকেই ডুডল বা বিশেষ লোগো দেখা যায় জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগলে। নারী দিবসের এই ডুডল তৈরি করা হয়েছে সারা বিশ্বের বিভিন্ন জাতিসত্তার নারীদের ভিডিওচিত্র নিয়ে। ডুডলের ভিডিওতে স্থান পেয়েছেন বাংলাদেশের তানহা ইসলাম। এতে দেখা যায়, সংগীতশিল্পী আশা ভোঁসলে, নারীশিক্ষা আন্দোলনের কর্মী মালালা ইউসুফজাইসহ কয়েকজন বিখ্যাত নারীকেও।
মজিলা বাংলাদেশের একমাত্র নারী প্রতিনিধি তানহা ইসলাম ডুডলে যুক্ত হতে পেরে দারুণ খুশি। তিনি পড়ছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান বিভাগে। গতকাল শনিবার তিনি প্রথম আলোকে বলেন, ‘ভালো লাগছে ডুডলে যুক্ত হতে পেরে। আরও ভালো লাগছে এই ভেবে যে নারীদের ক্ষমতায়নের জন্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে নানা ধরনের কাজ করে যাচ্ছি।’ ফেসবুক চ্যাটে যখন তানহা এ অনুভূতির কথা বলছিলেন, তখন তিনি ভারতে। ভারতে উইমেন মজিলার নারীর ক্ষমতায়ন শীর্ষক আয়োজন ‘ওম্যানিয়া’য় বাংলাদেশ থেকে অংশ নিয়েছেন তিনি।
নারী দিবসের ডুডলে আছে পুরো একটি ভিডিও। নারীদের অনুভূতি, ভাষ্য ও দৈনন্দিন কাজের বিভিন্ন অংশ যুক্ত হয়েছে এতে। বিশ্বের ১০০ জন নারীকে দেখানো হয়েছে। লোগোতে ক্লিক করলেই ৮০ সেকেন্ডের ভিডিও দেখা যায়। বিশ্বের বিভিন্ন ভাষায় আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছাও জানানো হয়েছে এতে। গুগল ডুডলের দলনেতা রায়ান গারমিক জানান, গুগলের এ ডুডলে গুগলের বিভিন্ন রং ব্যবহার করা হয়েছে এবং সারা বিশ্বের নারীরা সফলভাবে কী কী কাজ করেন, সেগুলো তুলে ধরার চেষ্টা করা হয়েছে।
বাংলাদেশ থেকে দেখলে গুগল ডুডলটির ভিডিও শেষ হওয়ার পর বাংলায় লেখা আসে ‘শুভ আন্তর্জাতিক নারী দিবস’। —নুরুন্নবী চৌধুরী