
ছবিতে বিশেষ আবহ (ইফেক্ট) যোগ করার অ্যাপ্লিকেশন (অ্যাপ) প্রিজমাতে ভিডিও সম্পাদনার সুবিধা যোগ করার কথা ছিল। কিন্তু তার আগেই কৃত্রিম বুদ্ধিমত্তা আর নিউরাল নেটওয়ার্কের সমন্বয়ে ‘আর্টিস্টো’ নামের ভিডিও সম্পাদনার অ্যাপ প্রকাশ করেছে রুশ ইন্টারনেট-ভিত্তিক প্রতিষ্ঠান মেইল ডট আরইউ। এই অ্যাপে প্রিজমার মতো ইফেক্ট দেওয়া যাবে ভিডিওতে।

আর্টিস্টোতে মূলত প্রিজমা অ্যাপের ফিল্টারগুলোই ব্যবহার করা হয়েছে। তাই ভিডিওতেও যোগ করা যাবে চিত্রকর্মের আবহ। সর্বোচ্চ ১০ সেকেন্ডের ভিডিও সম্পাদনা করা যাবে এই অ্যাপে।
বিশ্লেষকেরা বলছেন, আর্টিস্টো অ্যাপ প্রিজমার মতো অতটা ভালো ফল দেয় না। আর তাই প্রিজমার এখনো সুযোগ আছে। শিগগির প্রিজমাও যদি ভিডিও সম্পাদনার সুযোগ যোগ করে, তাহলে আর্টিস্টোকে ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রাখে।
অ্যান্ড্রয়েড এবং আইওএস অপারেটিং সিস্টেম চালিত স্মার্টফোনের জন্য ২৮ জুলাই এই অ্যাপ প্রকাশ করা হয়। https://goo.gl/wYCZIl ঠিকানায় আইওএস এবং https://goo.gl/IiFsck ঠিকানা থেকে অ্যান্ড্রয়েডচালিত স্মার্টফোনের জন্য আর্টিস্টো নামিয়ে নেওয়া যাবে।
এস এম নজিবুল্লাহ চৌধুরী
সূত্র: ম্যাশেবল