ভিডিওর জনপ্রিয়তায় ইয়াহুকে পেছনে ফেলল ফেসবুক
ইন্টারনেটে ভিডিও দেখার ওয়েবসাইট হিসেবে সম্প্রতি ইয়াহুকে পেছনে ফেলেছে সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুক। ইউটিউবের পর জনপ্রিয়তার দিক থেকে এখন দ্বিতীয় বৃহত্তম ভিডিও ওয়েবসাইটের নাম ফেসবুক। ডিজিটাল তথ্য গবেষণা প্রতিষ্ঠান কমস্কোরের সাম্প্রতিক এক গবেষণার এ তথ্য পাওয়া গেছে। জানিয়েছে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ম্যাশেবল।কমস্কোরের দেওয়া তথ্য অনুসারে চলতি বছরের জুলাই মাসে ফেসবুক ভিডিওর ইউনিক ভিজিটর ছিল ৫ কোটি ৩০ লাখ আর ইয়াহুর ছিল ৪ কোটি ৯০ লাখ। ভিডিও ওয়েবসাইটের জনপ্রিয়তার দিক থেকে ফেসবুক ও ইয়াহুর প্রতিদ্বন্দ্বিতা থেকে অনেক দূর এগিয়ে গেছে গুগলের ইউটিউব। জুলাই মাসে ইউটিউবে ১৫ কোটি ৭০ লাখ ইউনিক ভিজিটর ছিল।প্রসঙ্গত, ইউনিক ভিজিটর হচ্ছে একটি নির্দিষ্ট সময়ের ব্যবধানে কোনো ওয়েবসাইটের একাধিকবার ফিরে আসা ব্যবহারকারী।এদিকে কমস্কোর জানিয়েছে, ফেসবুকের চেয়ে জুলাই মাসে ইয়াহুতে বেশি সংখ্যক ভিডিও দেখেছেন ব্যবহারকারীরা। এসময় ইয়াহুতে মোট সাড়ে ৬২ কোটি ভিডিও দেখা হয়েছে আর ফেসবুকে দেখা হয়েছে ৩২ কোটি ৭০ লাখ ভিডিও। ফেসবুক ব্যবহারকারীরা জুলাই মাসে গড়ে ২১ দশমিক ৭ মিনিট করে ভিডিও দেখে সময় পার করেছেন আর ইয়াহু ব্যবহারকারীরা ভিডিও দেখে ব্যয় করেছেন ৭০.৪ ঘণ্টা। জুলাই মাসে ৮৫.৫ শতাংশ ইন্টারনেট ব্যবহারকারী ভিডিও দেখেছেন।