ভিনগ্রহে অভিযানে নাসার রোবট সেনাবাহিনী

পৃথিবীর বাইরে অন্য গ্রহের ভূপৃষ্ঠে জীবনধারণের উপযোগী উপাদানের সন্ধানে পিঁপড়া সদৃশ রোবট সেনাবাহিনী ব্যবহারের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসা। নাসার গবেষকেরা ওয়েবক্যাম ও জিপিএসযুক্ত ‘সোয়ার্মি’ নামে স্বয়ংক্রিয় রোবট তৈরি করছে। এক খবরে এ তথ্য জানিয়েছে পিটিআই।
একটি পিঁপড়া কোথাও খাবারের সন্ধান পেলে যেমন অন্য পিঁপড়াকে ডেকে আনে এবং সবাই মিলে কাজ করে সেভাবেই কাজ করবে এই রোবটেরা।
নাসার গবেষকেরা জানিয়েছেন, নাসার অন্যান্য রোবটের তুলনায় সোয়ার্মিগুলোর আকার হবে ছোটো। প্রতিটি রোবটের সঙ্গে ওয়েবক্যাম, ওয়াই-ফাই অ্যান্টেনা, জিপিএস প্রভৃতি সুবিধা থাকবে। এই রোবট পিঁপড়াদের অনুকরণে কাজ করতে সক্ষম হবে।
ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টারের প্রকৌশলীরা একটি সফটওয়্যার তৈরি করেছেন যা সোয়ার্মিগুলোকে বিভিন্ন দিকে ছড়িয়ে পড়তে নির্দেশ দেবে এবং আগে থেকে প্রোগ্রাম করা বিভিন্ন উপাদান খুঁজতে বলবে। কোনো রোবট বরফ-পানি কিংবা কোনো অণুজীব খুঁজে পেলে তা সঙ্গে সঙ্গে অন্য রোবটের কাছে সংকেত পাঠাবে।