ভিন্নরকম আসুসের জেনফোন ২ লেজার
হাতে ধরার সুবিধার জন্য আসুসের জেনফোন ২ লেজার সংস্করণটি একটু বাঁকানো। বাজারে সাশ্রয়ী দামের অ্যান্ড্রয়েড ফোনগুলোর মধ্যে একটু ভিন্নরকম ফোন হিসেবে আসুসের জেনফোন ২ লেজার সংস্করণটি বেশ প্রশংসিত। গত বছরের সেপ্টেম্বরে ফোনটি বাজারে ছাড়ে তাইওয়ানভিত্তিক প্রতিষ্ঠানটি।
জেনফোন ২-এর দ্বিতীয় প্রজন্মের ফোন হিসেবে স্মার্টফোনপ্রেমী কাছে ‘ভিন্নরকম’ ফোন হিসেবেই নজর কাড়ে। ‘লেজার জেডই ৫৫০ কেএল’ মডেলের ফোনটি কালো, সাদা, লাল, রুপালি ও সোনালি—এই পাঁচটি ভিন্নরকম সংস্করণে পাওয়া যায়।
ফোনটিকে ভিন্নরকম বলা হয় এর নকশা ও অনন্য নির্মাণ-বৈশিষ্ট্যের কারণে। এতে আসল জেনফোন ২-এর নকশার মতো করেই তৈরি করা হয়েছে বলে অন্যান্য ব্র্যান্ডের স্মার্টফোনের মতো এর দুই পাশে কোনো বাটন নেই। এর ভলিউম বাটন রাখা হয়েছে ফোনের পেছনে। মাইক্রো-ইউএসবি পোর্ট নিচে আর পাওয়ার বাটন ওপরে।
ফোনটিতে আছে সাড়ে পাঁচ ইঞ্চি মাপের আইপিএস এলসিডি স্ক্রিন, গোরিলা গ্লাস ৪। ফোনটির পেছনে ১৩ মেগাপিক্সেল ক্যামেরা, ডুয়াল এলইডি ফ্ল্যাশ ও লেজার অটোফোকাস আছে। ফোনটির পেছনের প্লাস্টিক প্যানেলটি খোলা যায়। এতে তিন হাজার মিলিঅ্যাম্পিয়ারের লি-পলিমার ব্যাটারি ব্যবহার করা হয়েছে। দুটি সিম ও মাইক্রোএসডি কার্ড স্লট আছে ভেতরে। ফোনটি সামান্য বাঁকা বলে হাতে ধরতে সুবিধা হয়।
চিপসেট হিসেবে ফোনটিতে ব্যবহৃত হয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৪১০ ও ৬১৫ চিপসেট। ফোনটির যে দুটি সংস্করণ রয়েছে তার একটিতে র্যাম ২ জিবি আরেকটিতে ৩ জিবি।
ফোনটিতে ব্লুটুথ, ওয়াই-ফাই, জিপিএস, এফএম রেডিওসহ দরকারি ফিচার রয়েছে।
অ্যান্ড্রয়েড ললিপপচালিত ফোনটি মার্শমেলোতে হালানাগাদ করা যায়। অপারেটিং সিস্টেম কাস্টোমাইজ করে আসুস তাদের জেন ইউজার ইন্টারফেস ব্যবহার করেছে। ফোনটিতে আগে থেকেই বেশ কিছু অপ্রয়োজনীয় অ্যাপ ডাউনলোড থাকায় অনেকের কাছে তা বাড়তি বলে মনে হয়।
ফোনটির পেছনের ক্যামেরায় অ্যাপারচার হিসেবে রয়েছে ২.০। অ্যাপারচার কম হলে কম আলোতে ভালো ছবি ওঠে। ফোনটির সামনেও একই অ্যাপারচারে পাঁচ মেগাপিক্সেল ক্যামেরা আছে।
সাশ্রয়ী অ্যান্ড্রয়েডচালিত স্মার্টফোনের বাজারে জেনফোন ২ লেজার সংস্করণটির দাম তুলনামূলকভাবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। এর উল্লেখযোগ্য দিকের মধ্যে রয়েছে নকশা ও গড়ন, দ্রুত ও নিখুঁত অটোফোকাস, বদ্ধ পরিবেশে দুর্দান্ত ক্যামেরা পারফরম্যান্স, ডুয়াল সিমের দ্রুতগতির থ্রিজি পারফরম্যান্স, উন্নত ব্যাটারি।
ফোনটির নেতিবাচক দিকের মধ্যে রয়েছে উন্মুক্ত পরিবেশে গড়পড়তা ক্যামেরা পারফরম্যান্স, রোদে গেলে পড়তে সমস্যা হয়।