ভিসতার কাছাকাছি উইন্ডোজ ৮.১!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উইন্ডোজ ৮.১
উইন্ডোজ ৮.১

মাইক্রোসফটের তৈরি ডেস্কটপ অপারেটিং সিস্টেম ব্যবহারে উইন্ডোজের এই নবীনতম সংস্করণটির অবস্থান শতকরা হিসাবে ভিসতার ঠিক পেছনেই। ওয়েব ট্র্যাকার নেট অ্যাপলিকেশনের সর্বশেষ পরিসংখ্যানেই এমন তথ্য পাওয়া গেছে। ডেস্কটপে সবচেয়ে বেশি প্রচলিত অপারেটিং সিস্টেমগুলোর মধ্যে চতুর্থ অবস্থানে থাকা ভিসতাকে খুব শিগগিরই টপকে যাবে উইন্ডোজ ৮.১। গত ডিসেম্বরের রেকর্ড অনুযায়ী, উইন্ডোজ ভিসতার ঠিক ঘাড়ের পেছনে নিঃশ্বাস ফেলা উইন্ডোজ ৮.১ সব ডেস্কটপ ওএস ট্রাফিকের মধ্য থেকে দখল করে আছে ৩.৬ শতাংশ বাজার, যেখানে ভিসতার দখলে আছে ৩.৬১ শতাংশ।
ধারণা করা হচ্ছে, ফেব্রুয়ারির মধ্যেই এটি সাত বছরের পুরোনো এবং অজনপ্রিয় ভিসতাকে ছুঁয়ে ফেলতে পারবে। সব ওএস ট্রাফিকে উইন্ডোজ ৮.১ এবং ৮ অপারেটিং সিস্টেমের একত্রে দখলে আছে ১০.৫ ভাগ। গত জুনে উইন্ডোজ ৮.১-এর প্রিভিউ সংস্করণ আত্মপ্রকাশের পর অক্টোবরে এটিকে আনুষ্ঠানিকভাবে অবমুক্ত করা হয়, যেখানে উইন্ডোজ ৮ ব্যবহারকারীরা বিনা মূল্যে নতুন এই সংস্করণে আপগ্রেড করার সুযোগ পায়।
এদিকে উইন্ডোজ ৭-এর ব্যবহারকারীর সংখ্যা অব্যাহতভাবে বেড়েই চলেছে। এর দখলে আছে সবচেয়ে বেশি ৪৭.৫ শতাংশ বাজার। অন্যদিকে দ্বিতীয় অবস্থানে থাকা উইন্ডোজ এক্সপির ব্যবহার কমছে নিয়মিতভাবেই, যার দখলে আছে প্রায় ২৯ ভাগ। আগামী কয়েক মাসেই উইন্ডোজ ৭ এবং এক্সপির মাঝে ওয়েব ট্রাফিকের দূরত্বটা আরও কমে আসবে।
২০১৪ সালে এপ্রিল মাসের ৮ তারিখে মাইক্রোসফট বন্ধ করে দিচ্ছে উইন্ডোজ এক্সপি সংক্রান্ত সব ধরনের সেবা। এরপর থেকে কোনো নিরাপত্তা প্যাচ, বাগ ফিক্স বা অন্যান্য আপডেট পাওয়া যাবে না।
—সিনেট নিউজ অবলম্বনে মঈন চৌধুরী