ভুভুজেলার আওয়াজ ভার্চুয়াল জগতেও!
চলছে ফুটবল বিশ্বকাপ। দক্ষিণ আফ্রিকায় এবারের বিশ্বকাপে খেলা, খেলোয়াড়ের পাশাপাশি আলোচিত ভুভুজেলা বাঁশি। ভুভুজেলার পক্ষে-বিপক্ষে নানা আলোচনা।অনেকে একে বিষম বাঁশিও বলছেন। আবার মাঠে কিংবা মাঠের বাইরে ঐতিহ্যবাহী ভুভুজেলার বিকিকিনিও বেশ। মাঠের পাশাপাশি ইন্টারনেটেও ভুভুজেলা নিয়ে হচ্ছে অনেক কিছু। মোবাইল ফোনের মুক্ত অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড সম্প্রতি ভুভুজেলা নিয়ে প্রায় ৩০টি প্রোগ্রাম ও থিম বাজারে ছেড়েছে। এ ছাড়া অ্যাপলের জনপ্রিয় স্পর্শকাতর পর্দার মোবাইল ফোন আইফোন ও আইপ্যাডের জন্যও রয়েছে ডিজিটাল ভুভুজেলা! প্রোগ্রাম ও থিমগুলো এমনভাবে তৈরি যেখানে এর সুর পুরোপুরি ভভুজেলার মতোই শোনা যায়। এসব থিম আর প্রোগ্রাম নিয়ে ব্যবহারকারীদেরও রয়েছে আগ্রহ। এ ছাড়া জনপ্রিয় তাৎক্ষণিক হালনাগাদের ওয়েবসাইট (মাইক্রোব্লগিং) টুইটারে দ্য ভভুজেলা নামক একটি ঠিকানা থেকেও দেওয়া হচ্ছে হালনাগাদ। যুক্তরাষ্ট্র ও স্লোভেনিয়ার খেলাটি ড্র হওয়ায় ডিজিটাল আওয়াজ বাজ! বাজ! স্ট্যাটাস দেওয়া হয়েছে! ভিডিও দেখার জনপ্রিয় ওয়েবসাইট ইউটিউবেও রয়েছে ভুভুজেলার বেশ কয়েকটি ভিডিও। খেলা ছাড়াও ইন্টারনেট দুনিয়ায় ব্লগ, সামাজিক যোগাযোগ সাইটসহ বিভিন্ন মাধ্যমেই চলছে ভুভুজেলা নিয়ে নানা আলোচনা আর তৈরি হচ্ছে প্রোগ্রাম। —সিএনএন অবলম্বনে নুরুন্নবী চৌধুরী