ভুল সবই ভুল!

শুনলে চমকে ওঠার মতোই ঘটনা, আবার আফসোসে মাথার চুল ছেঁড়ার মতোও। ঘটনাটি ইয়াহুর। প্রযুক্তি বিশ্বের এখনকার অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান গুগলকে দুবার কিনে নেওয়ার সুযোগ পেয়েছিল ইয়াহু। কত দামে জানেন? মাত্র ১০ লাখ মার্কিন ডলারে। কিন্তু গুগলকে সেই সময়ের ইন্টারনেট জগতের শীর্ষ প্রতিষ্ঠান ইয়াহু গোনার মধ্যেই ধরেনি। এখন ইয়াহু আফসোস করতেই পারে। কারণ, সেই ইয়াহু আর ইয়াহু নেই, সেই ছোট গুগল আর ছোটটি নেই।
ঘটনা খুব বেশি দিন আগের নয়। মাত্র ১৮ বছর আগের কথা। ১৯৯৮ সাল। গুগলের দুই সহপ্রতিষ্ঠাতা সের্গেই ব্রিন আর ল্যারি পেজ ইয়াহুর কাছে ১০ লাখ ডলারে গুগলকে বিক্রি করতে চেয়েছিলেন। ইয়াহু গুগলকে কেনেনি।
নব্বইয়ের দশকে ইয়াহুর ব্যবসা ছিল রমরমা। কারণ, তখন তো আর ফেসবুক কিংবা গুগলের বর্তমান সার্চ ব্যবসা ছিল না। ইন্টারনেট দুনিয়ায় একচ্ছত্র আধিপত্য ছিল ইয়াহুর। ইয়াহু প্রযুক্তি দুনিয়ার ভবিষ্যৎ ট্রেন্ড আন্দাজ করতে পারেনি। ফলে, তাল মেলাতে না পেরে দিন দিন পিছিয়ে পড়েছে।
প্রযুক্তি বিশ্লেষকেদের চোখে ইয়াহুর বিপর্যয়ের কারণ, এর কর্মকর্তারা অনেকগুলো সুযোগ হেলায় হারিয়েছিলেন। এর মধ্যে ছিল গুগলের পেজর্যাঙ্ক সিস্টেমটিকে মাত্র ১০ লাখ ডলারে কেনার সুযোগ। ওই সময় গুগলের দুই উদ্যোক্তা স্ট্যানফোর্ডে তাঁদের পড়াশোনায় অধিক আগ্রহ দেখাতে গুগল বেচতে চেয়েছিলেন। ইয়াহু নিজেদের প্ল্যাটফর্মকে গুরুত্ব দিতে গুগলের প্রতি কোনো আগ্রহ দেখায়নি।
পেজর্যাঙ্ক হচ্ছে একধরনের এলগরিদম-ভিত্তিক ব্যবস্থা, যা বিভিন্ন ওয়েবসাইটকে গুগল সার্চ রেজাল্টে তুলে ধরে। এর নামকরণ করা হলো ল্যারি পেজের নাম অনুসারে। ওয়েবসাইটের গুরুত্ব বোঝায় এটি। ইয়াহু তাদের ডিরেক্টরি নিয়ে খুশি ছিল। এর মধ্যে প্রশ্নোত্তর, মেইল, শপ, গেম প্রভৃতি প্ল্যাটফর্ম ছিল ইয়াহুর।
সময়ের সঙ্গে সঙ্গে অনলাইন দুনিয়া থার্ড পার্টি অনলাইন বিজ্ঞাপন থেকে আসা আয়ের গুরুত্ব বুঝতে শুরু করে। গুগল ‘পে-পার ক্লিক’ বা অ্যাডওয়ার্ড তৈরি করে ফেলে। এর মধ্যে পার হয়ে যায় চারটি বছর। ২০০২ সালে আবার ইয়াহুর কাছে ধরনা দেয় গুগল। লক্ষ্য ছিল ৩০০ কোটি মার্কিন ডলার তহবিল সংগ্রহ করা। গুগল নিজস্ব সার্চ ইঞ্জিন নিয়ে কাজ করছিল। ইয়াহুর প্রধান টেরি সেমেল গুগলের ওই অনুরোধ প্রত্যাখ্যান করেন। ইয়াহু তখন গুগলকে ঠেকাতে নিজস্ব সার্চ ইঞ্জিন তৈরি শুরু করে।
ইয়াহু বলার মতো কিছুই করতে পারেনি। ফলে, ব্যর্থতার আবর্তে ঘুরতে থাকে। কিন্তু এখনকার বাস্তবতা ইয়াহুকে এমন এক জায়গায় এনে ফেলেছে, সেমেল আর তার বোর্ড নিশ্চয়ই আগের ভুল বুঝতে পারছেন। যদি গুগলের সেই শুরুর দিনগুলোতে ইয়াহু গুগলকে কিনে নিত, তাহলে হয়তো গল্পটা অন্য রকম হতো।
প্রযুক্তি বিশ্লেষকেরা বলেন, ইয়াহুর সেই ভুল থেকে এখন বড় বড় প্রযুক্তি প্রতিষ্ঠান শিক্ষা নিয়েছে। গুগলও শিক্ষা নিয়েছে। বর্তমানে ছোট ছোট সফল উদ্যোক্তা প্রতিষ্ঠান প্রায়ই বড় প্রতিষ্ঠানগুলোকে অধিগ্রহণ করতে দেখা যায়। যেমন ফেসবুক কিনেছে ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ইয়াহু কিনেছে টাম্বলার, গুগল কিনেছে টাইটান অ্যারোস্পেস প্রভৃতি।
তবে গুগল এখন চলে গেছে মূল প্রতিষ্ঠান অ্যালফাবেটের অধীনে। অ্যালফাবেট পাঁচ হাজার কোটি মূল্যমানের বিশ্বের সবচেয়ে দামি প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম। আর এখনকার ইয়াহুর কথা বলতে গেলে তা বিক্রি হলো মাত্র ৪৮৩ কোটিতে। তথ্যসূত্র: এনডিটিভি।